ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর ঘটনায় আবদুর রহমান ওরফে সম্রাট (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঝিনাইদহ সদর পৌর এলাকার কাঞ্চননগরপাড়ার নিজ বাড়ি থেকে আবদুর রহমানকে আটক করা হয়।
পুলিশ জানায়, ভাস্কর্যে জুতা ঝোলানোর ঘটনার পর জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। সেই ফুটেজের ভিত্তিতে আবদুর রহমানকে শনাক্ত করার পর কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
বুধবার দুপুরে আবদুর রহমানের বাড়িতে গিয়ে গেটে তালা ঝুলতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, তাঁর বাবা অনেক আগেই মারা গেছেন। মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন।
স্থানীয়দের ভাষ্য, আবদুর রহমান আগে শহরের একটি রেস্তোরাঁয় পাচকের কাজ করতেন। পরে জোহান পার্কেও কিছুদিন কাজ করেছেন। বর্তমানে তিনি বাড়িতেই থাকতেন এবং মাঝে মাঝে ভ্যান নিয়ে শহরে ঝালমুড়ি বিক্রি করতেন।
আবদুর রহমানের স্ত্রী আসমা খাতুন জানান, ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। তাঁর দাবি, মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশ তাঁদের বাড়িতে এসে তাঁর স্বামীকে নিয়ে যায়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ঘটনার পর থেকেই জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে আবদুর রহমানকে শনাক্ত করার পর তাঁকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।