রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১
১ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৫৭
চট্টগ্রামের রাউজানে একটি সশস্ত্র দলের সঙ্গে পুলিশের একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই এলাকায় রাতভর অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জানে আলম ও আজিজ উদ্দিন ওরফে আজিজ বসকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রাতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ব্যক্তিরা গুলি ছোড়ে। এর জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অভিযানে অংশ নেওয়া সদস্যদের দেখে তারা সেখান থেকে সরে যায়।
পরে ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দিলদার আলম (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দুটি বন্দুক, রাইফেলের ১১৯টি গুলি, ছয়টি কার্তুজসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অভিযানে ১২ জন সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মো. জান্নাতুন নাঈম, মো. খোরশেদ আলম, বায়েজিদ মৃধা, মো. জাহাঙ্গীর আলম, জুয়েল চন্দ্র বিশ্বাস ও মো. রবিউল হোসেনের নাম জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পাহাড়ি এলাকায় সশস্ত্র ব্যক্তিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই তারা গুলি ছুড়লে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সশস্ত্র ব্যক্তিদের গুলিতে তাদের ১২ সদস্য আহত হয়েছেন।