গাজীপুরের সালনায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে হামলায় আহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯ সদস্যকে দেখতে হাসপাতালে গেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার (২৮ নভেম্বর) আনসার-ভিডিপি হাসপাতালে গিয়ে আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন মহাপরিচালক।
আহত ৯ জনের মধ্যে তিনজন কর্মকর্তা এবং ছয়জন আনসার ব্যাটালিয়ন সদস্য রয়েছেন। তাঁরা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত, হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আবদুর রহিম ও শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান এবং সিপাহি মহসিন ও মাসুম শেখ।
আনসার বাহিনী সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর সালনা এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধের সময় দায়িত্ব পালন করছিলেন আনসার ও পুলিশ সদস্যরা। এ সময় তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আনসার বাহিনীর ৯ সদস্য আহত হন। পরে তাঁদের আনসার-ভিডিপি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মহাপরিচালক বলেন, সালনায় দায়িত্ব পালনরত আনসার ও পুলিশ সদস্যদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে নিরাপদ রাখতে আনসার সদস্যরা সামনে থেকে হামলার আঘাত সহ্য করেন। এমনকি একটি দোকানে আশ্রয় নেওয়ার পরও তাঁদের ওপর গরম পানি নিক্ষেপ করা হয় বলে তিনি জানান।
তিনি আরও বলেন, শ্রমিকদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে আনসার সদস্যরা ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। একপর্যায়ে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
মহাপরিচালক জানান, হামলার ঘটনায় ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে।
আহতদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। বর্তমানে ৯ জনই আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
আনসার বাহিনী সূত্রে আরও জানা গেছে, গাজীপুরের শিল্পকারখানা, জনজীবন ও মহাসড়কের নিরাপত্তায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন দায়িত্ব পালন করছে।