মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সেলিম মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে শুরু হওয়া এ সংঘর্ষে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। এ ছাড়া আলমগীর নামে একজন নদীতে নিখোঁজ রয়েছেন।
সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সেলিম মোল্লা চরডুমুরিয়া এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একই এলাকার চার বছর বয়সী শিশু আব্দুর রহমান, সজীব (৩০) ও আবু খান (৪০) রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গত ১১ নভেম্বরও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই বিরোধের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষে জড়ায় তারা। একপর্যায়ে পরিস্থিতি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সেলিম মোল্লাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সংঘর্ষের সময় আলমগীর নামে একজন নদীতে নিখোঁজ হন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ অভিযান চালাচ্ছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আওলাদ মোল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, নদীতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। তাঁকে উদ্ধারের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।