কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।
সালমান মুক্তাদিরের অভিযোগ, শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে তাঁর স্টুডিওতে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর চালানো হয়। ঘটনার পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ক্ষয়ক্ষতির ভিডিও প্রকাশ করেন।
ঘটনাটি নিয়ে রোববার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সাদিয়া আয়মান। সেখানে তিনি ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে সালমান মুক্তাদিরের প্রতি সমর্থন জানান এবং হামলার অভিযোগের নিন্দা করেন।
পোস্টে সাদিয়া বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এবং তাঁর কাছে গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি চাঁদাবাজির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন।
সাদিয়ার পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ১২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং এক হাজারের বেশি মন্তব্য জমা পড়ে।
মন্তব্যের ঘরে অনেকে ঘটনাটির নিন্দা জানালেও কেউ কেউ সাদিয়া আয়মানের বক্তব্য ও সালমান মুক্তাদিরকে নিয়েও সমালোচনা করেন। এসব মন্তব্যের কয়েকটির জবাব দেন অভিনেত্রী।
সাদিয়া তাঁর জবাবে মন্তব্যকারীদের একটি অংশের সমালোচনা করে বলেন, যাঁরা ঘটনাটির সঙ্গে জড়িতদের পক্ষে মন্তব্য করছেন, তাঁদের বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যেই থেকে যাচ্ছে। তিনি এসব মন্তব্যকে হতাশাজনক বলে উল্লেখ করেন।
এদিকে, পুলিশের পক্ষ থেকে পরে জানানো হয়েছে, ঘটনাটির পেছনে চাঁদাবাজির অভিযোগ নয়; বরং নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের বিষয়টি রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, সালমান মুক্তাদিরের স্টুডিও হামলার মূল লক্ষ্য ছিল না। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।