সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতেই ছিলেন তিনি।
পেট্রলবোমার আগুনে বাড়ির টিনের চালের একটি অংশ পুড়ে যায়। তবে বাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
সংসদ সদস্য এম এ মালেক জানান, ভোরে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে বাইরে এসে জানতে পারেন, বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শব্দ শুনে তাঁর স্ত্রী ও ছেলেও ঘর থেকে বেরিয়ে আসেন।
এম এ মালেকের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা একটি লেগুনায় করে এসে পেট্রলবোমা নিক্ষেপের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় বাড়িতে থাকা চারজন নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এম এ মালেক বলেন, সংসদ সদস্য হওয়ার পর নির্বাচনী এলাকার সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে তিনি কাজ করছেন। দলীয় পরিচয়ের ভিত্তিতে এলাকায় কোনো বিভেদ তৈরি করেননি বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, হামলাকারীরা শেখ হাসিনার অনুসারী।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, ঘটনার ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে দুজনের জড়িত থাকার বিষয়ে ধারণা পাওয়া গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।