শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে

>> রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজন অব্যাহতি

>> বাসে ৫ থেকে ১০ টাকা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত, কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ

>> সাভারে বাসে অগ্নিসংযোগ: বাসমালিক, সাংবাদিকসহ ৪০ জনের নামে মামলা

>> সাভারে বাসে অগ্নিসংযোগ: বাসমালিক, সাংবাদিকসহ ৪০ জনের নামে মামলা

>> ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র বাতিল

>> ফুটবলে অরুচি না ধরলেও অন্য খেলায় মন মজেছে কেইনের

>> যেখানেই এনসিপিকে পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা দেওয়া হবে: সিলেটে বিএনপি নেতা

>> তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে, কোন দিকে যাচ্ছে বাজার

আপনি পড়ছেন : অর্থনীতি

আইনের ফাঁকফোকরে ছিনতাইকারীদের আটকে রাখা যাচ্ছে না: আইজিপি


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫০



আইনের ফাঁকফোকরে ছিনতাইকারীদের আটকে রাখা যাচ্ছে না: আইজিপি


আইনের বিভিন্ন ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইয়ে জড়িতদের দীর্ঘ সময় আটক রাখা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ: পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ শীর্ষক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, মাদক ও ছিনতাই প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, অনেক মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী একাধিকবার পুলিশের হাতে আইনের আওতায় এলেও আইনের বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে তারা আবার বেরিয়ে আসে এবং একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে।

তিনি বলেন, সম্প্রতি জামিনে বের হওয়ার পর ছিনতাই করতে গিয়ে একজন শিক্ষক নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ ধরনের অপরাধ ঠেকাতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।

আইজিপি জানান, দেশে প্রতি এক হাজার মানুষের বিপরীতে পুলিশের সংখ্যা মাত্র একজন। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে আইন প্রয়োগের ওপর গুরুত্ব দিতে হবে।

পুলিশকে জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের আস্থা অর্জন করাও পুলিশের দায়িত্ব। জুলাই বিপ্লবের পর বিভিন্ন স্থানে পুলিশকে প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় পুলিশের দায়িত্ব পালন করা জরুরি।

আলী হোসেন ফকির বলেন, পুলিশকে নিয়ে সমালোচনা বা অপমান না করে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ না করলে সমাজে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হবে।

মাদকাসক্তির ক্ষতিকর দিক তুলে ধরে আইজিপি বলেন, কোনো পরিবারের একজন সদস্য মাদকে জড়িয়ে পড়লে এর প্রভাব শুধু ওই ব্যক্তির ওপর পড়ে না, পুরো পরিবারকেই এর মূল্য দিতে হয়। দায়িত্ব পালনকালে মাদকের টাকা না দেওয়ায় সন্তানকে নিজের বাবাকে মারধর করার মতো ঘটনাও তিনি দেখেছেন বলে জানান।

নতুন প্রজন্মকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে হবে না। পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও বিভিন্ন স্বেচ্ছাসেবী উদ্যোগে তাদের যুক্ত করতে হবে।

সড়কে চলাচলের নিয়মকানুন সম্পর্কেও ছোটবেলা থেকে শিক্ষার্থীদের সচেতন করার প্রয়োজনীয়তার কথা বলেন আইজিপি। একই সঙ্গে চালকদের জেব্রা ক্রসিংয়ের ওপর গাড়ি না থামানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, কমিউনিটি ব্যাংকের কর্মকর্তারা এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে একটি নিমগাছ রোপণ করা হয়।