দিনাজপুরের ফুলবাড়ীতে মাত্র চার দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৩ থেকে ১৪ টাকা বেড়েছে। বাজারে সরবরাহ কমে যাওয়া এবং মোকামে দাম বৃদ্ধিকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার সবজির পাইকারি বাজার ঘুরে দেখা যায়, অন্যান্য সবজির দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৮ থেকে ৪০ টাকায়। অথচ চার দিন আগেও একই পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ২৬ টাকা।
পৌর বাজারে বাজার করতে আসা স্কুলশিক্ষক নবকিশোর সরকার জানান, অন্যান্য সবজির দাম স্বাভাবিক থাকলেও হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের ভোগান্তি বাড়ছে।
পাইকারি ব্যবসায়ী জয়ন্ত সাহার ভাষ্য, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এবং মোকামে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে। সামনে দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে খুচরা বিক্রেতা হারুন উর রশীদ জানান, পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা বাজারেও পেঁয়াজের মূল্য বেড়েছে। বর্তমানে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৪২ থেকে ৪৩ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম কমলে খুচরা বাজারেও দাম কমে আসবে বলে জানান তিনি।