এদিকে শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা নিয়ে আজ শনিবার জরুরি যৌথ মতবিনিময় সভা ডেকেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। যেসব কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন না, সেসব কারখানার পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণে মালিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি মীর আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার এবং গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতারসহ অন্য নেতারা।
শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চলমান কার্যক্রমে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আলোচনার জন্য বোর্ডকে সময় দিয়ে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে মালিকদেরও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখার পরামর্শ দেন।
পোশাকশ্রমিকেরা গত মাস থেকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। এর মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনা শুরু হওয়ার পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অস্থিরতা পুরোপুরি কাটেনি।
মালিকদের জরুরি সভা আজ
গত সপ্তাহজুড়ে সাভার-আশুলিয়া এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এতে প্রতিদিনই বেশ কয়েকটি কারখানার উৎপাদন ব্যাহত হয়। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন গাজীপুরের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। নারায়ণগঞ্জেও প্রথম সপ্তাহের দুই দিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিজিএমইএ সূত্রে জানা গেছে, বর্তমানে শ্রমিকদের বিক্ষোভ মূলত আশুলিয়াকেন্দ্রিক। সাভার-আশুলিয়া এলাকায় মোট ৪১২টি কারখানা রয়েছে। এর মধ্যে সাভারে ১৫০টি, আশুলিয়া থেকে জিরাব পর্যন্ত ১৩০টি এবং জিরাব থেকে ইপিজেড পর্যন্ত ১৩২টি কারখানা রয়েছে। চলতি মাসে এসব কারখানার মধ্যে ১৫০টিতে সর্বনিম্ন তিন থেকে সর্বোচ্চ ১২ দিন উৎপাদন ব্যাহত হয়েছে।
চলমান পরিস্থিতি নিয়ে বুধবার বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান সংগঠনটির কয়েকজন সাবেক সভাপতি, বিকেএমইএর নেতা এবং আশুলিয়া ও গাজীপুরের কয়েকজন শিল্পমালিকের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আজ শনিবার বেলা ১১টায় বিজিএমইএ ও বিকেএমইএর সাধারণ সদস্যদের নিয়ে যৌথ মতবিনিময় সভা করার সিদ্ধান্ত হয়।
বিজিএমইএ সভাপতি জানিয়েছেন, সভায় নেওয়া সিদ্ধান্ত পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
একাধিক নেতা জানান, শ্রমিকেরা কাজে যোগ না দিলে শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় কারখানা বন্ধ করা হবে কি না, তা নিয়ে সভায় আলোচনা হবে। পাশাপাশি শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকলে মালিকপক্ষের প্রতিনিধিরা মজুরি বোর্ডের আলোচনায় অংশ নেবেন কি না এবং মালিকদের মজুরি প্রস্তাব কী হবে, সেসব বিষয়ও আলোচনায় আসতে পারে।
কাজে ফেরার আহ্বান শ্রমিকনেতাদের
গত বৃহস্পতিবার রাতে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রমিক সংগঠনের পাঁচ জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। শ্রমিকদের কাজে ফেরাতে সম্মিলিতভাবে আহ্বান জানানোর অনুরোধ জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে গতকাল সংবাদ সম্মেলন করেন শ্রমিকনেতারা।
সংবাদ সম্মেলনে আবুল হোসাইন বলেন, কোনো কারখানা শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় বন্ধ করা হলে সেখানকার শ্রমিকেরা আন্দোলনে নামেন। এতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ সংকুচিত হতে পারে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব মাহতাব উদ্দিন শহীদ শ্রমিকদের উদ্দেশে বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলনের ফল হিসেবেই মজুরি বোর্ড গঠিত হয়েছে। এখন আবার আন্দোলন-বিক্ষোভ চলতে থাকলে সেই অর্জন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সবাইকে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কাঙ্ক্ষিত মজুরি না পেলে সবাই মিলে আবার আন্দোলনে নামার কথা বলেন।
শ্রমিকনেত্রী তাসলিমা আখতার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে, তাতে তিন বছর আগের মজুরিতে কাজ করা কঠিন। মজুরি বোর্ডে আলোচনা চলছে। দ্রুত সেই আলোচনা শেষ করতে বোর্ডকে সময় দেওয়া প্রয়োজন। এ সময় শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
প্রবীণ শ্রমিকনেতা মন্টু ঘোষ বলেন, শ্রমিকদের আন্দোলনের প্রয়োজন রয়েছে, তবে কিছুটা সময় নিয়ে পরিস্থিতি সামাল দেওয়াও জরুরি। মালিকপক্ষের মজুরি প্রস্তাব পাওয়ার পর সেটি গ্রহণযোগ্য না হলে সবাই মিলে আবার আন্দোলনে নামার কথা বলেন তিনি।
শ্রমিকদের জন্য সাশ্রয়ী দামে চাল বিক্রি
মূল্যস্ফীতির চাপে থাকা পোশাকশ্রমিকদের সহায়তায় বিশেষ ওএমএস কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক প্রতি কেজি ৩০ টাকা দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তিন মাস এ কার্যক্রম চালানো হবে। ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় প্রতি শুক্রবার চাল বিক্রি করা হবে।
গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর এবং সাভারের হেমায়েতপুর ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচির আওতায় চাল বিক্রি করতে দেখা গেছে। বিভিন্ন পোশাক কারখানার সামনে ট্রাকে করে কম দামে চাল কিনতে শ্রমিকদের ভিড় জমে।