মেহেরপুরে লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, সঞ্জয় কুমার দাস মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে। তাঁর বিরুদ্ধে আগে থেকেই একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মেহেরপুর সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেন সঞ্জয়। সেখানে ঘন ঘন লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করায় সঞ্জয়কে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগের একটি মামলা থাকায় ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে মেহেদী আহমেদ (২১) নামের আরেক তরুণকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মেহেদী আহমেদ ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রকাশ করেন। একই সঙ্গে নিজের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন বলে পুলিশ জানিয়েছে। পরে অভিযান চালিয়ে শুক্রবার রাতে নগরের নোয়াগাঁও সাদিপুর এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির চৌধুরী জানান, মেহেদীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা বিভিন্ন মামলায় সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।