বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে স্পেন। এখন অপেক্ষা দ্বিতীয় ফাইনালিস্টের, যা নির্ধারণ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালের পর।
ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে প্রশ্নের জবাবে স্পেনের প্রধান কোচ লুই দে লা ফুয়েন্তে জানান, ব্যক্তিগতভাবে তিনি আর্জেন্টিনার মুখোমুখি হতে চান। তবে এর পেছনে ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতার চেয়ে ব্যক্তিগত সম্পর্কই বড় কারণ।
দে লা ফুয়েন্তে বলেন, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। স্কালোনি স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনে কোচিং কোর্স করার সময় তাঁর প্রশিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে। সেই সম্পর্কের কারণেই ফাইনালে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চান তিনি।
তবে ইংল্যান্ডকেও মোটেই হালকাভাবে নিচ্ছেন না স্পেন কোচ। তাঁর ভাষায়, আর্জেন্টিনা ও ইংল্যান্ড—দুই দলই শক্তিশালী এবং ফাইনাল খেলার যোগ্য। তিনি উল্লেখ করেন, এবারই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
অন্যদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও দে লা ফুয়েন্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, স্পেন কোচ একজন অসাধারণ মানুষ এবং অতীতে তাঁকে অনেক সহযোগিতা করেছেন। তাঁর এই সাফল্য প্রাপ্য বলেও মন্তব্য করেন স্কালোনি।
দে লা ফুয়েন্তেকে ফাইনালের আগে ফোন করবেন কি না—এমন প্রশ্নে হাস্যরস করে স্কালোনি বলেন, ফলাফলের ওপরই সব নির্ভর করবে। জিতলে ফোন করার প্রয়োজন হবে না, আর হারলে হয়তো তাঁর কাছেই সাহায্য চাইতে হবে।