বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মাদক নয়, চুরি করতে গিয়ে ধরা পড়ার আশঙ্কায় রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: পুলিশ

>> আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতের নির্দেশনায়: স্বরাষ্ট্রমন্ত্রী

>> সাবেক এমপি আনারের মেয়ে ডরিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

>> জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, ইউনিটভিত্তিক জিপিএ ও ফি জেনে নিন

>> গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> ‘ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> কলেজে গিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্ন, ‘স্টুডেন্ট কোথায়?’

>> গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> এনসিপি ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ

>> গজারি বনের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

আপনি পড়ছেন : শিক্ষা

কলেজে গিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্ন, ‘স্টুডেন্ট কোথায়?’


Sifat Islam Sohag ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৫:০৪



কলেজে গিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্ন, ‘স্টুডেন্ট কোথায়?’


রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি কম দেখে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। দুটি শ্রেণিকক্ষে গিয়ে তিনি মাত্র একজন করে শিক্ষার্থী উপস্থিত দেখতে পান। এ সময় শিক্ষার্থীরা কোথায়—শিক্ষকদের কাছে তা জানতে চান মন্ত্রী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ৩৮ মিনিটে কলেজে প্রবেশ করেন শিক্ষামন্ত্রী। সকালে রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে নেমে সড়কপথে নাটোর যাওয়ার পথে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে অবস্থিত কলেজটিতে আকস্মিক পরিদর্শনে যান তিনি। সেখানে প্রায় ১৮ থেকে ২০ মিনিট অবস্থান করেন।

পরিদর্শনের সময় একটি শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে দেখে মন্ত্রী জানতে চান, এটি কোন শ্রেণির ক্লাস এবং বাকি শিক্ষার্থীরা কোথায়। শিক্ষিকা জানান, ওই ক্লাসে মোট ১৯ জন শিক্ষার্থী থাকলেও বাকিরা উপস্থিত হয়নি। অনুপস্থিতির কারণ জানতে চেয়েও সন্তোষজনক উত্তর পাননি মন্ত্রী।

পাশের আরেকটি শ্রেণিকক্ষে গিয়েও একই চিত্র দেখতে পান তিনি। সেখানে একজন শিক্ষার্থী উপস্থিত ছিল। শিক্ষিকার কাছে মোট শিক্ষার্থীর সংখ্যা জানতে চাইলে তিনি ১৫ জনের কথা জানান। তবে নিয়মিত শিক্ষার্থীরা ক্লাসে আসে না বলে জানান ওই শিক্ষিকা।

এ সময় কলেজের এক শিক্ষকের কাছে ক্লাস শুরুর সময় জানতে চান শিক্ষামন্ত্রী। শিক্ষক জানান, ক্লাস শুরু হয় সকাল সাড়ে ১১টায়। শিক্ষার্থীদের ক্লাসে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। তবে উপস্থিতি কম থাকার বিষয়টি স্বীকার করে শিক্ষক বলেন, শিক্ষার্থীরা অনেক অনিয়মিত।

পরিদর্শনের দুটি ভিডিও শিক্ষামন্ত্রীর ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

পরে কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠানটিতে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান করা হয়। প্রথম বর্ষে ৭৫ জন এবং দ্বিতীয় বর্ষে ১৬৮ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। অধ্যক্ষের দাবি, মন্ত্রী পরিদর্শনের সময় কলেজে প্রায় ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

অধ্যক্ষ জানান, গার্হস্থ্য বিজ্ঞান ও জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম। গার্হস্থ্য বিজ্ঞানে ১৫ থেকে ১৬ জন এবং জীববিজ্ঞানে ৫ থেকে ৬ জন শিক্ষার্থী রয়েছে। মন্ত্রীর পরিদর্শনের সময় এই দুটি শ্রেণিকক্ষে একজন করে শিক্ষার্থী উপস্থিত ছিল। তবে বাংলা ও মনোবিজ্ঞানের ক্লাসে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল বলে দাবি করেন তিনি।

শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির বিষয়ে অধ্যক্ষ বলেন, অনেকেই কলেজে এসেও শ্রেণিকক্ষে না গিয়ে বাইরে সময় কাটায়। তাদের নিয়মিত ক্লাসে ফেরাতে কলেজ কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে যোগাযোগ ও অভিভাবক সমাবেশের আয়োজন করে। আসন্ন নির্বাচনী পরীক্ষার বিষয়েও শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আসার জন্য তাগিদ দেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দীন আল মাহমুদ।