গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিলে মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ছয়দানা ও হাড়িকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা। তাঁরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
এদিকে, শ্রীপুরের নতুন বাজার এলাকার এস এম নীট ওয়্যার, বাঘের বাজারের গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং ভবানীপুরের ফকিরা গার্মেন্টসের শ্রমিকরা কাজ বন্ধ করে উৎপাদন ফ্লোরে অবস্থান নিয়েছেন।
বাঘের বাজার এলাকার জেএল পোশাক কারখানা সকাল ১০টার দিকে ছুটি ঘোষণা করে। এছাড়া মহানগরীর কোনাবাড়ী এলাকার দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তাঁরা মহাসড়কে অবস্থান নেননি।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।