বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পল্লীবিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
সকাল সোয়া ৯টার দিকে কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়কে অবস্থান নেন। ফলে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা। এ সময় শ্রমিকদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।