বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পল্লীবিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পল্লীবিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে গেলেও কাজে যোগ দেননি। বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা বিক্ষোভ শুরু করেন। পরে কারখানাগুলো ছুটি ঘোষণা করলে সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
পরিস্থিতির কারণে পল্লীবিদ্যুৎ ও আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিল্প পুলিশ ও বিজিবি। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হচ্ছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।