গাজীপুর নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স নামে একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা ৩টার দিকে আটতলা কারখানা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট সেখানে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, কারখানাটির শতাধিক শ্রমিককে নিরাপদে ভবন থেকে নামিয়ে আনা হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিকেল পৌনে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. হিরন মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।