ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের বিষয়ে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’। সংগঠনটি ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বাতিল করে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে।
একই সঙ্গে নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের বিনা মূল্যে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি বিভাগীয় কমিশনার, হাসপাতালের পরিচালক, উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবিও তোলা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। হাসপাতালের অব্যবস্থাপনা এবং অগ্নিকাণ্ডের পর হতাহতদের বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় কয়েকজন সাধারণ মানুষও অংশ নেন।
সমাবেশে ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের পর বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা কেউ নিহত বা আহত হননি বলে জানিয়েছিলেন। পরে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে হতাহতের তথ্য প্রকাশিত হয়।
তিনি অভিযোগ করেন, প্রশাসনের দেওয়া বক্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাঁর দাবি, ঘটনার সত্যতা আড়াল করার চেষ্টা এবং ভুল তথ্য দেওয়ার দায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ইমতিয়াজ আহমেদ বলেন, হাসপাতালের অব্যবস্থাপনা দূর করার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও হতাহতের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।
সমাবেশে নিহতদের পরিবারের জন্য এক কোটি টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানানো হয়। আহতদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসার খরচ রাষ্ট্রকে বহনের আহ্বানও জানান বক্তারা।
ময়মনসিংহ মঞ্চের সংগঠক আবু বকর সিদ্দিক বলেন, হাসপাতালের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ধারাবাহিকতায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে তাঁরা মনে করেন। এর আগেও হাসপাতালে বিভিন্ন ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এবার হতাহতের তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষের দেওয়া বক্তব্যের জবাবদিহি নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন তিনি।
গত সোমবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটতলা ভবনের ১১ নম্বর লিফটের বাইরের অংশে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনের খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালের বিভিন্ন তলা থেকে রোগী ও তাঁদের স্বজনেরা আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে থাকেন। এ সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।
ঘটনার পর চারজনের মৃত্যুর তথ্য সামনে আসে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে শুরুতে এ তথ্য অস্বীকার করা হয়।
গত বুধবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, চারজনের মধ্যে দুজন স্বাভাবিক কারণে মারা গেছেন এবং অন্য দুজন আগুনের আতঙ্কের মধ্যে মারা যান।
অগ্নিকাণ্ডের কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতাল প্রশাসন প্রথমে একটি তদন্ত কমিটি গঠন করে। পরে সেটি বাতিল করে বুধবার ছয় সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও মঙ্গলবার পাঁচ সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে প্রশাসনের গঠিত এসব তদন্ত কমিটির পরিবর্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে ‘ময়মনসিংহ মঞ্চ’। সংগঠনটির মতে, হতাহত ও হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে ওঠা প্রশ্নের নিরপেক্ষ নিষ্পত্তির জন্য বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন।