জামালপুরের সরিষাবাড়ীতে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চোরচক্রের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পালানোর সময় তিনজনকে গাড়িচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উত্তরপাড়া এলাকার দিয়ার কৃষ্ণা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের ইমাম হোসেন (৫০) ও সেলিম মিয়া (২৮)। ইমাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল সশস্ত্র ব্যক্তি ইমাম হোসেনের গোয়ালঘর থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের তিনটি গরু বের করে দুটি গাড়িতে তোলে। পরে আরও একটি গরু নেওয়ার চেষ্টা করলে বিষয়টি বুঝতে পারেন ইমাম হোসেন। তিনি বাইরে বের হওয়ার চেষ্টা করলে চোরেরা বাইরে থেকে তাঁর ঘরের দরজা আটকে দেয়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
এরপর স্থানীয় কয়েকজন মোটরসাইকেল নিয়ে চুরি হওয়া গরুর সন্ধানে বের হন। একপর্যায়ে ডোয়াইল ইউনিয়নের খালেকের মোড় এলাকায় গরুবোঝাই একটি পিকআপ দেখতে পান তাঁরা। গাড়িটির কাছে পৌঁছালে চোরচক্রের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে ইমাম হোসেন ও সেলিম মিয়া গুরুতর আহত হন।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাঁদের মোটরসাইকেলের টায়ার ও ট্যাংকি ক্ষতিগ্রস্ত করে এবং পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে গরু নিয়ে পালানোর সময় ভাটারা ইউনিয়নের মাগুরিয়াপাড়া এলাকায় সিয়াম, সজীব ও রঞ্জু নামের তিনজনকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে জানা গেছে। তাঁরা অল্পের জন্য রক্ষা পান।
পরে স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরিষাবাড়ীর সাতপোয়া, কোনাবাড়ি, মাইজবাড়ি, বলারদিয়া ও নতুন বিশ্বরোড-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ বেড়েছে। তাঁরা এলাকায় নিরাপত্তা জোরদার এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।