যশোরের বেনাপোল স্থলবন্দরসংলগ্ন ছোট আঁচড়া এলাকায় ককটেল বিস্ফোরণে শ্রমিক ইউনিয়নের দুই নেতা আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) রাত প্রায় ১টার দিকে শার্শা উপজেলার ওই গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান এবং যশোর আন্তজেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের বেনাপোল শাখার জ্যেষ্ঠ সহসভাপতি লোকমান হোসেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাতে মোটরসাইকেলে করে বেনাপোল স্থলবন্দরের শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন তবিবুর ও লোকমান। পথে ছোট আঁচড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এরপর তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। নিক্ষিপ্ত ককটেলগুলোর একটি বিস্ফোরিত হলে দুজনের পায়ে আঘাত লাগে।
পরে অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণে দুজনের পায়ে সামান্য আঘাত লেগেছে। চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফিরেছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় এজাহার জমা দেননি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এদিকে হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ আলীর নেতৃত্বে মিছিলে কয়েক শ শ্রমিক অংশ নেন। মিছিলটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শ্রমিক নেতারা ঘটনার নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।