বাংলাদেশ ব্যাংকের স্বল্প সুদের ২০ লাখ টাকার ঋণ কর্মসূচিতে চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন। ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি’ উল্লেখ করে তিনি দলের নেতাকর্মীদের রাজনীতি ছেড়ে নিজেদের ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে ৮ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন শামীম। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আল্লাহ হাফেজ।’
শামীম কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে। নতুন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বল্প সুদে ঋণ কর্মসূচিতে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও চূড়ান্ত তালিকায় নাম না থাকায় হতাশা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার জন্য আবেদন আহ্বান করা হলে শামীম আবেদন করেন। প্রাথমিকভাবে নির্বাচিত ৫০ জনের তালিকায় তাঁর নাম ছিল। পরে বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখায় মৌখিক পরীক্ষায় অংশ নেন তিনি। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ছয়জনের তালিকা প্রকাশ করা হলে সেখানে তাঁর নাম পাওয়া যায়নি।
ভিডিও বক্তব্যে শামীম জানান, কালীগঞ্জ থেকে পাঁচ শতাধিক উদ্যোক্তা ঋণের জন্য আবেদন করেছিলেন। প্রাথমিকভাবে বাছাই করা ৫০ জনের মধ্যে তিনি এবং কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তৌহিদ—এই দুজন ছাত্রদলের পদধারী ছিলেন। যোগ্যতার ভিত্তিতে তাঁরা নির্বাচিত হবেন বলে আশা করেছিলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া উদ্যোগের প্রশংসা করে শামীম অভিযোগ করেন, নির্বাচনের ক্ষেত্রে থানা বা জেলা পর্যায়ে কারা দায়িত্ব পালন করেছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর দাবি, চূড়ান্ত তালিকায় আওয়ামী পরিবারের সন্তান এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা স্থান পেয়েছেন।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে তাঁর বিরুদ্ধে চারটি মামলা হয়েছে, শিক্ষাজীবনের দুই বছর নষ্ট হয়েছে এবং ৮৭ দিন কারাগারে থাকতে হয়েছে। অতীতে দলের আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থাকলেও এখন অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে শামীম বলেন, ঋণ কর্মসূচিতে কারা নির্বাচিত হয়েছেন, বিষয়টি যেন খতিয়ে দেখা হয়। একই সঙ্গে ছাত্রদলের রাজনীতিতে যুক্তদের নিজের ভবিষ্যৎ ও ক্যারিয়ারের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
শামীম আরও জানান, তাঁর পাখি ও কবুতরের খামার রয়েছে, পাশাপাশি গরুর খামারও শুরু করেছেন। ঋণটি পেলে ব্যবসা আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর।
ভিডিওর শেষ অংশে তিনি রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। পাশাপাশি ভবিষ্যতে ছাত্রদলের কোনো মিছিল, সভা বা কর্মসূচিতে অংশ নেবেন না বলেও জানান।
এ বিষয়ে শামীম হোসেন বলেন, কাউকে ছোট করা বা কারও প্ররোচনায় তিনি ভিডিওটি প্রকাশ করেননি। দলের জন্য নিজের ক্যারিয়ারের ক্ষতি হয়েছে, অথচ ক্ষমতায় আসার পর অবহেলা পেয়েছেন—এমন হতাশা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, শামীমের ভিডিওটি তিনি দেখেছেন। ব্যস্ততার কারণে এখনো তাঁর সঙ্গে কথা বলতে পারেননি, তবে যোগাযোগের চেষ্টা করছেন।