শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সংঘাত ও বিক্ষোভের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা, বন্ধ ৩৫ কারখানা

>> ঋণ না পাওয়ায় ‘দালালে ভরা হাইব্রিড বিএনপি’ মন্তব্য, ছাত্রদলের পদ ছাড়লেন নেতা

>> প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগত আলোচনায় বসতে চায় জামায়াত, সরকারেরও ইতিবাচক সাড়া

>> মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

>> ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

>> মাদক নয়, চুরি করতে গিয়ে ধরা পড়ার আশঙ্কায় রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: পুলিশ

>> আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতের নির্দেশনায়: স্বরাষ্ট্রমন্ত্রী

>> সাবেক এমপি আনারের মেয়ে ডরিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

>> জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, ইউনিটভিত্তিক জিপিএ ও ফি জেনে নিন

>> গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপনি পড়ছেন : রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগত আলোচনায় বসতে চায় জামায়াত, সরকারেরও ইতিবাচক সাড়া


Sifat Islam Sohag ২৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪৮



প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগত আলোচনায় বসতে চায় জামায়াত, সরকারেরও ইতিবাচক সাড়া


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এককভাবে নয়, বরং ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে আলোচনায় বসতে চায় জামায়াতে ইসলামী। দলটির এ প্রস্তাবে সরকারও ইতিবাচক বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে বৈঠকের স্থান ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বান জানিয়েছেন, তাতে তারা সাড়া দিতে প্রস্তুত। তবে আলোচনার জন্য কয়েকটি শর্ত রয়েছে তাদের।

বিরোধী জোটের চাওয়া, প্রধানমন্ত্রীর দপ্তরের পরিবর্তে অন্য কোনো স্থানে আলোচনা অনুষ্ঠিত হোক। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অথবা ফরেন সার্ভিস একাডেমিকে উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করছে তারা। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলে জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করলেও ১১-দলীয় জোটের সঙ্গে সম্মিলিত আলোচনায় অংশ নেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এনসিপির সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠককে সরকার ‘মতবিনিময়’ হিসেবে উল্লেখ করেছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান শুক্রবার প্রথম আলোকে বলেন, জামায়াত একক দল হিসেবে নয়, ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে আলোচনায় অংশ নিতে চায়। দুই পক্ষের সময়ের সঙ্গে সমন্বয় করে সব দলের অংশগ্রহণের উপযোগী স্থান নির্ধারণ নিয়ে আলোচনা চলছে।

সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ১১ দলের জোটগতভাবে আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাবে সরকার ইতিবাচক। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে তোলার বিষয়েও সরকারের আগ্রহ রয়েছে। তবে আলোচনার দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি। সরকার এ আয়োজনকে ‘সংলাপ’ বলতে আগ্রহী নয় বলেও সূত্রটি জানিয়েছে।

জামায়াত নেতাদের মতে, ১১টি দলের প্রত্যেকটি থেকে দুজন করে প্রতিনিধি অংশ নিলে প্রতিনিধিদল বড় হবে। তাই বৈঠকের জন্য উপযুক্ত জায়গা প্রয়োজন। এনসিপির সঙ্গে সচিবালয়ে প্রধানমন্ত্রীর যে ধরনের বৈঠক হয়েছে, ১১ দলের ক্ষেত্রে সেভাবে বসতে চায় না জোটটি।

নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক নেতা প্রথম আলোকে জানান, বিরোধী জোটের পক্ষ থেকে যমুনা অথবা ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগও হয়েছে। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে দ্রুত আলোচনা আয়োজন করা সরকারের জন্যও জরুরি। সে কারণে নভেম্বরের মধ্যেই বৈঠক হতে পারে বলে তিনি ধারণা করছেন।

১১-দলীয় ঐক্যের শরিক একটি দলের শীর্ষ নেতা জানান, প্রথমে ২৭ বা ২৮ নভেম্বর বৈঠকের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছিল। পরে ২৯ নভেম্বরের কথাও শোনা যাচ্ছে। তবে কোনো তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

জোটসংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, যমুনা ও ফরেন সার্ভিস একাডেমির পাশাপাশি জাতীয় সংসদ ভবনকেও আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করছে সরকার।

শুক্রবার বিকেলে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছিল। অনেক দল একসঙ্গে অংশ নেবে এবং সব দলের প্রতিনিধিত্ব থাকবে—তাই আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ থাকা প্রয়োজন।

এর আগে বৃহস্পতিবার রাতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, সরকারের উদ্যোগে আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ১১-দলীয় ঐক্য জোটগতভাবেই অংশ নেবে।

সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ঐক্যের উদ্যোগটি সামনে এসেছে। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে সরকার রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার কথা বলছে।

গত ১৮ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান কিছু সময় একান্তে কথা বলেন। সেখানে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের বিষয়টি আলোচনায় আসে বলে জানা গেছে। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় সরকার।

ঐক্যের উদ্যোগকে স্বাগত জানালেও বিরোধী দলগুলো সংস্কার ও বিচারের দাবিও সামনে আনছে। ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ঐক্যের ভিত্তি হতে হবে সংস্কার, বিচার ও সার্বভৌমত্ব। আওয়ামী লীগ ও ভারতের বিষয় ভবিষ্যতে কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও বলেন তিনি। পাশাপাশি গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

ওই বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় গড়ে ওঠা ঐক্যকে আরও সুসংহত করতে চায় সরকার। এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না বলেও জানান তিনি। জুলাই সনদে বিএনপির স্বাক্ষর, ভিন্নমতের বিষয় এবং সনদ বাস্তবায়নে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি।

জামায়াত নেতারা জানিয়েছেন, জাতীয় পর্যায়ের আলোচনার বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। আলোচনার ভিত্তিতেই বৈঠকের স্থান ও তারিখ নির্ধারণ করা হবে। এ বিষয়ে হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, সরকার এখন কী পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়।