দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করেছে দলটি।
তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে আরও সতর্ক করা হয়, বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।