পলাতক আওয়ামী লীগ দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের নতুন করে ঝুঁকির মধ্যে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, দলটির প্রতারণা ও ফাঁদে পড়ে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা বুঝে কিংবা না বুঝে বিপদের মুখে পড়ছেন।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রতিবেশী একটি দেশে অবস্থান করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলা করছে সরকার।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি বাধা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি সরাসরি আইনি বাধার নয়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাওয়া হয়েছে।
তিনি জানান, শুধু দণ্ডপ্রাপ্ত আসামিই নন, অন্য যেসব আসামি রয়েছেন, তাঁদের ক্ষেত্রেও প্রত্যর্পণ চুক্তি প্রযোজ্য। কূটনৈতিক চ্যানেলে অনুরোধ জানানো হলে সংশ্লিষ্ট দেশ আসামিদের ফেরত দিতে পারে। এটি আন্তর্জাতিকভাবে প্রচলিত নিয়মিত প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, বাংলাদেশও অন্য দেশ থেকে আসামি ফেরত আনার ক্ষেত্রে সহযোগিতা করে এবং প্রয়োজন অনুযায়ী অন্য দেশগুলোর কাছে আসামি হস্তান্তর করে।
আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির পলাতক নেতারা দেশে থাকা আত্মগোপনে থাকা কর্মীদের আবারও ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছেন। তাঁর দাবি, এসব নেতাকর্মী যখন সামাজিকভাবে পুনর্মিলনের একটি অনানুষ্ঠানিক অবস্থায় পৌঁছেছিলেন, তখন দলটির কর্মকাণ্ড তাঁদের নতুন করে বিপদের মুখে ফেলছে।
তিনি আশা প্রকাশ করেন, জনগণ বিষয়টি বুঝবেন এবং আওয়ামী লীগের পলাতক নেতারা যেন আত্মগোপনে থাকা কর্মীদের উসকানি না দেন।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সম্মিলিত আলোচনায় বসবে কি না, এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরবর্তী আলোচনার বিষয়। এ নিয়ে তাঁর সঙ্গে এখনো কোনো বৈঠক হয়নি। প্রধানমন্ত্রী এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন জানিয়ে তিনি বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের সময় চেয়েছিলেন। এ ছাড়া জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করার পরিকল্পনা রয়েছে।