রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ট্রাইব্যুনালের কম্পিউটারের উইন্ডোজ ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’, দাবি পলকের

>> চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

>> রাজাউল্লাহর ৮১ রানে ফ্লাইট মিস সাইমের, প্লে-অফ থেকেও ছিটকে গেল জ্যামাইকা

>> আলোকচিত্রীদের আচরণেই অস্বস্তি, পোশাককে দায়ী করলেন না ঐশ্বরিয়া লক্ষ্মী

>> যুক্তরাষ্ট্রের হাতে কি সত্যিই মাত্র ১৪ দিনের তেল আছে?

>> হুতিদের শক্তি কোথায়, বিপুল ব্যয় করেও কেন পিছু হটেছিল যুক্তরাষ্ট্র

>> আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে জামায়াত: রাশেদ খাঁন

>> নবীজি (সা.)-এর দ্বিতীয় শাম সফর: খাদিজা (রা.)-এর সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা

>> দেশে সারের সংকট নেই, অসাধু চক্রের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত: কৃষিমন্ত্রী

>> বাসে উঠে ডাকাতের কবলে, ছুরি ধরে চাওয়া হলো ৫ লাখ টাকা

আপনি পড়ছেন : চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর


Rabeya ১৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪১



চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ভারতীয় জলসীমায় ভেসে যাওয়া ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নৌকায় থাকা একজন এখনো নিখোঁজ রয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিকেল পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীমনগর ঘাট থেকে মাঝিসহ ১২ জনকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের দিকে যাচ্ছিল। পদ্মা নদীর মাঝপথে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এ সময় মো. ওয়াসিম নামের ২৩ বছর বয়সী এক ব্যক্তি সাঁতরে একটি চরে উঠতে সক্ষম হন। নৌকায় থাকা আরও একজন নিখোঁজ হন। অন্য ১০ জন নদীর স্রোতে ভেসে ভারতীয় জলসীমায় চলে যান।

ভারতীয় জলসীমায় পৌঁছানোর পর বিএসএফের একটি টহল স্পিডবোট তাঁদের দেখতে পেয়ে উদ্ধার করে। পরে বিষয়টি চাঁপাইনবাবগঞ্জের সংশ্লিষ্ট বিজিবি বিওপি কমান্ডারদের জানানো হয়।

এরপর রাতে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উদ্ধার হওয়া ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার হওয়া সবাই পরস্পরের আত্মীয়। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাঁদের এক আত্মীয়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সবাই সুস্থ রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. রাসেল, মো. ইব্রাহিম, সওদাগর, আরেক মো. ইব্রাহিম, সখিনা, নিলুফা, তানিয়া, তাঁর ২০ দিন বয়সী শিশু তানিশা খাতুন, সানাউল্লাহ ও আল আমিন। তাঁরা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর গ্রামের বকরীপাড়ার বাসিন্দা।

নৌকায় থাকা একই গ্রামের মো. মোস্তফা এখনো নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে চেষ্টা চলছে।