মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আপনি পড়ছেন : নোয়াখালী

‘আমি কেন পারব না, এই জেদই আমাকে সফলতা এনে দিয়েছে’


Rabeya ২২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩:৪০



‘আমি কেন পারব না, এই জেদই আমাকে সফলতা এনে দিয়েছে’

‘অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি জিপিএ–৫ পেতে পারে, ভালো ফল করতে পারে, তাহলে আমি কেন পারব না?’—এই জেদ থেকেই পড়াশোনায় মনোযোগী হয়ে এসএসসিতে জিপিএ–৫ অর্জন করেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর কাজী মোখলেস উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান লাবনী।

মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে নিজের সাফল্যের অনুভূতি তুলে ধরেন লাবনী। তিনি বলেন, কৃষক বাবা ও গৃহিণী মায়ের মুখ উজ্জ্বল করার ইচ্ছা থেকেই পড়াশোনায় আরও মনোযোগী হন তিনি। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও তাঁর বাবা পড়াশোনার খরচ চালিয়ে গেছেন।

বৃষ্টিভেজা সকালে শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০–এর বেশি কৃতী শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়। তাঁদের সঙ্গে অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সকাল ১০টায় মূল অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম রব্বানী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর হেড অব ফার্স্ট নিউজ টিপু সুলতান, বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন আব্দুল কাইয়ুম মাসুদ এবং ক্রীড়াবিদ রফিক উল্লা আক্তার মিলন।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী নিজের শিক্ষাজীবনের কথা তুলে ধরে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যন্ত গ্রামের একটি বিদ্যালয় থেকে এসএসসি পাস করে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন থেকেই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন।

শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, পড়াশোনার প্রয়োজন ছাড়া স্মার্টফোন ব্যবহার না করাই ভালো। এ বিষয়ে অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

প্রথম আলোর হেড অব ফার্স্ট নিউজ টিপু সুলতান শিক্ষার্থীদের বর্তমান সাফল্যকে ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা হিসেবে নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, জিপিএ–৫ গুরুত্বপূর্ণ হলেও এটিই জীবনের সবকিছু নয়। কোনো পরীক্ষায় প্রত্যাশিত ফল না এলে হতাশ না হয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করতে হবে।

শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। মাদক, মিথ্যা, মুখস্থনির্ভরতা ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান ও সংবাদপত্র পড়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আবৃত্তি, গান ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি অনলাইন কুইজে অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।