ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে একটি বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
এর আগে বুধবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তিনি দেশবিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, তদন্তের অগ্রগতি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় তারা খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তায় অজ্ঞাত ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে নৈরাজ্য সৃষ্টি ও জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়।
পরে ঘটনাস্থল থেকে লাল টেপ মোড়ানো কৌটার পোড়া অংশ, কৌটার অন্যান্য অংশ, একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা এবং একটি ছোট কাচের টুকরা জব্দ করা হয়। এ ঘটনায় ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়।