শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

>> আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

>> ‘আমি আওয়ামী লীগার না’ বলে আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

>> দেশে আবার দুর্নীতি বেড়েছে, সীমান্তে পাহারা বসানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

আপনি পড়ছেন : খেলা

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল


Rabeya ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১:৩৩



অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল


বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হচ্ছে। আগামী অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বাফুফের একটি দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগামী ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ম্যাচটি খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের।

এর আগে ঢাকায় এসে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। তারা মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্সসহ স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখে। প্রতিনিধি দলটি বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করে এবং পরে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করে।

তবে বাংলাদেশ এখনো ব্রাজিলের প্রস্তাবে চূড়ান্ত সম্মতি দেয়নি। কারণ, ওই সময় বাংলাদেশের জাতীয় দলের ব্যস্ত সূচি রয়েছে। ইন্দোনেশিয়ায় ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ রয়েছে। টুর্নামেন্টটির ফাইনাল ৩ অক্টোবর হওয়ার কথা।

অন্যদিকে, আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। ওই ম্যাচকে কেন্দ্র করেই ভারত ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছিল। পরে ভারতের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত হলে এটি হবে ঢাকার মাটিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রথম ম্যাচ। এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এসেছিল আর্জেন্টিনা।

তবে ব্রাজিলের প্রস্তাব এখনো চূড়ান্ত সূচি নয়। বাংলাদেশের ব্যস্ততা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার পরই ম্যাচ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।