বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩

আপনি পড়ছেন : বিনোদন

‘আমাকে বিয়ে দিতে চান, না চান না’?’—সাংবাদিকদের প্রশ্ন ছুড়ে হাসির খোরাক পরীমনির


৩০ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭:২৯



‘আমাকে বিয়ে দিতে চান, না চান না’?’—সাংবাদিকদের প্রশ্ন ছুড়ে হাসির খোরাক পরীমনির

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও নিজের বিয়ে প্রসঙ্গে রসিকতা করে আলোচনায় এসেছেন। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে তিনি হাস্যরসের সঙ্গে জানতে চান, “আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?” তাঁর এমন প্রশ্নে উপস্থিতদের মধ্যে হাসির পরিবেশ তৈরি হয়।

পরীমনি পরে বলেন, অনেকেরই যেন ইচ্ছা তিনি সিঙ্গেল থাকুন। তাঁর ভাষায়, ব্যক্তিগত জীবনের যেকোনো ছবি নিয়েই নানা মন্তব্যের মুখে পড়তে হয়। এমনকি পরিবারের সদস্যের সঙ্গে ছবি দিলেও সমালোচনা শুনতে হয়। তাই সবাই যেন তাঁকে শুধু একা বা সন্তানের সঙ্গে দেখতে চায়।

বিশ্বকাপ ফুটবল চলাকালে দেওয়া একটি ফেসবুক পোস্ট নিয়েও আবার কথা ওঠে সংবাদ সম্মেলনে। আর্জেন্টিনা শিরোপা জিতলে আবার বিয়ে করবেন—এমন মন্তব্য করেছিলেন তিনি মজার ছলে। কিন্তু ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর সেই প্রসঙ্গ টেনে পরীমনি বলেন, “এই ঝুঁকির কারণেই তো বলেছিলাম, জিতলে বিয়ে করব!”

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা দলের সমর্থনে সরব ছিলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত দলের জয় উদ্‌যাপন করেছেন, আর্জেন্টিনার জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন এবং লিওনেল মেসির প্রতি নিজের ভালো লাগার কথাও বিভিন্ন পোস্টে জানিয়েছেন।

এর আগে আর্জেন্টিনা শিরোপা জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে করা তাঁর ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। অসংখ্য প্রতিক্রিয়া ও শেয়ারের পাশাপাশি অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিয়ের প্রস্তাবও পাঠান। পরে পরীমনি জানান, এটি ছিল নিছক রসিকতা, কিন্তু অনেকেই সেটিকে বাস্তব ঘোষণা হিসেবে নিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে ব্যক্তিজীবনের আরেকটি আলোচিত বিষয়—জেল-সংক্রান্ত মামলার প্রসঙ্গও ওঠে। এ বিষয়ে পরীমনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, তিনি এ নিয়ে আগে কখনো প্রকাশ্যে কথা বলেননি। তাঁর বিশ্বাস, সত্য একসময় সবার সামনে আসবেই এবং কোনো বিষয় চিরদিন গোপন থাকে না।