নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে এক ব্যাংক এজেন্টকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে ওই ব্যবসায়ীকে হাত ও চোখ বাঁধা অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এম মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবদুর রহমান ইসলামী ব্যাংকের আবু মদিনা আউটলেট এজেন্ট শাখার ইনচার্জ ও এজেন্ট ব্যবসায়ী। তাঁর অভিযোগ, সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলে মোটরসাইকেলে করে গন্তব্যের দিকে যাচ্ছিলেন তিনি।
চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এম মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পৌঁছালে একটি প্রাইভেট কারে থাকা পাঁচজন তাঁর পথ আটকে দেন। তাঁরা নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন এবং আবদুর রহমানের কাছে মাদক রয়েছে বলে দাবি করেন।
একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে হাতকড়া পরানো হয় এবং জোর করে গাড়িতে তুলে নেওয়া হয়। গাড়ির ভেতরে তাঁর চোখ ও মুখ গামছা দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে ১২ লাখ টাকা নিয়ে নেওয়া হয়।
ছিনতাইয়ের পর কবিরহাট উপজেলার নবীর দোকানের পাশে একটি জায়গায় আবদুর রহমানকে হাত ও চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আবদুর রহমান সাদা পাঞ্জাবি পরে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় সাধারণ পোশাক ও কালো জ্যাকেট পরা পাঁচ ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন এবং অস্ত্র দেখিয়ে একটি প্রাইভেট কারে তুলে নেন। পরে স্থানীয়রা জানতে পারেন, তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
ওসি আরও জানান, ঘটনার সময় পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত এজাহার বা মামলা করা হয়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।