শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> জ্বালানিসংকট মোকাবিলায় বিশেষজ্ঞ দল গঠনের প্রস্তাব দিয়েছিলাম, সাড়া পাইনি: শফিকুর রহমান

>> সার ডিলারশিপ পেতে নেতাদের দৌড়ঝাঁপ, মাঠে ব্যাহত হচ্ছে বিতরণ

>> শিরোনাম: গুচ্ছ ভর্তিতে যুক্ত হতে পারে আরও ৩ বিশ্ববিদ্যালয়, নেতৃত্বে পবিপ্রবি-নোবিপ্রবি

>> ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ পোস্ট, সেলুনে তরুণের মরদেহ

>> ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

>> ‘সার চাওয়া কি অপরাধ?’, মামলা-গ্রেপ্তারে আতঙ্কে ভূরুঙ্গামারীর কৃষকেরা

>> শেলটনের সামনে জভেরেভ, আমেরিকান স্বপ্ন পূরণের অপেক্ষা

>> মৃত্যুর খবর পেয়ে স্বজনের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

>> সংসদে জনগণের কষ্টের কথা বলতে দেওয়া হচ্ছে না: শফিকুর রহমান

>> হাওরে ভ্রমণে গিয়ে দুর্ঘটনায় অতিরিক্ত পিপি নিহত, আহত ৪ আইনজীবী

আপনি পড়ছেন : শিক্ষা

শিরোনাম: গুচ্ছ ভর্তিতে যুক্ত হতে পারে আরও ৩ বিশ্ববিদ্যালয়, নেতৃত্বে পবিপ্রবি-নোবিপ্রবি


Rabeya ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০১



শিরোনাম: গুচ্ছ ভর্তিতে যুক্ত হতে পারে আরও ৩ বিশ্ববিদ্যালয়, নেতৃত্বে পবিপ্রবি-নোবিপ্রবি


২০২৬-২৭ শিক্ষাবর্ষের সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষায় বর্তমানে থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্ভাব্য তালিকায় রয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়। তবে নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের ওপর নির্ভর করছে।

শুক্রবার ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের বৈঠকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভর্তি পরীক্ষার মূল কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি টেকনিক্যাল, ক্রয়, অর্থসহ বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।

এবার গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটির আহ্বায়ক হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। কো-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সভা শেষে সংশ্লিষ্টরা জানান, শিগগিরই আরেকটি সভা করে ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে নিজেদের ভর্তি পরীক্ষার সময় ঘোষণা করায় জিএসটি গুচ্ছের পরীক্ষার তারিখও দ্রুত চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান জানান, আগের শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করার পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের পরীক্ষার প্রস্তুতি নিয়েও সভায় আলোচনা হয়েছে। টেকনিক্যাল, ক্রয় ও অর্থসহ প্রয়োজনীয় কমিটিগুলো গঠনের পর দ্রুত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হতে পারে।

নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর অনেকেরই এখনো নিজস্ব ভর্তি পরীক্ষা আয়োজনের মতো পর্যাপ্ত অবকাঠামো ও জনবল পুরোপুরি প্রস্তুত হয়নি। এ কারণে এসব বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছের সঙ্গে যুক্ত হতে পারে। তবে কোন কোন বিশ্ববিদ্যালয় চূড়ান্তভাবে যুক্ত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে জিএসটি গুচ্ছে থাকা ২০টি বিশ্ববিদ্যালয় হলো—ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

অন্যদিকে, বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ইউজিসির অনুমোদন পাওয়া গেলে নতুন তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়ে জিএসটি গুচ্ছে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২৩টিতে দাঁড়াতে পারে।