বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

আপনি পড়ছেন : শিক্ষা

গুগল স্কলারে ২ হাজারের বেশি সাইটেশন পাওয়া ঢাবির ৬২ শিক্ষক-গবেষককে সম্মাননা


Rabeya ২৭ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৩৮



গুগল স্কলারে ২ হাজারের বেশি সাইটেশন পাওয়া ঢাবির ৬২ শিক্ষক-গবেষককে সম্মাননা


গবেষণায় উল্লেখযোগ্য অবদান এবং আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়ানোর স্বীকৃতি হিসেবে গুগল স্কলার প্রোফাইলে ২ হাজার বা তার বেশি সাইটেশন পাওয়া বিশ্ববিদ্যালয়ের ৬২ জন শিক্ষক ও গবেষককে সম্মাননা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের সম্মাননা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

সম্মাননাপ্রাপ্ত গবেষকদের অভিনন্দন জানিয়ে উপাচার্য ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা এবং আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করতে সম্মাননাপ্রাপ্ত গবেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, শুধু সরকারি অর্থায়নের ওপর নির্ভর করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এ জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিল্প খাতের সহযোগিতা প্রয়োজন।

উপাচার্য জানান, শিক্ষা ও গবেষণার উন্নয়নে ২০ বছর মেয়াদি একটি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান তৈরির কাজ চলছে। গবেষণার জন্য ১ হাজার কোটি টাকা এবং শিক্ষার্থীদের কল্যাণে আরও ১ হাজার কোটি টাকার ফান্ড গঠনের লক্ষ্য রয়েছে। এ উদ্দেশ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক এবং অ্যালামনাই নেটওয়ার্কিং আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প নেওয়া হচ্ছে। ‘ল্যাব টু ল্যাব’ এবং ‘রিসার্চার টু রিসার্চার’ কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানের শুরুতে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম সূচনা বক্তব্য দেন। পরে তিনি গবেষণায় সাইটেশনের গুরুত্ব নিয়ে একটি উপস্থাপনা করেন।

সম্মাননাপ্রাপ্ত ৬২ শিক্ষক ও গবেষকের মধ্যে বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক রয়েছেন। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, ইমেরিটাস অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান, ইমেরিটাস অধ্যাপক মো. আবদুর রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকেরা রয়েছেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক, প্রক্টর এবং সম্মাননাপ্রাপ্ত শিক্ষক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।