ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে ফেরার পথে বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের দয়াল ভূঁইয়া (২৬) এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের সজিব মিয়া (২৩)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ফুলকারকান্দি এলাকার ৫০ বছর বয়সী এক রোগীকে স্পিডবোটে করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান চালক সজিব মিয়া। রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পর স্পিডবোট নিয়ে চাতলপাড়ের দিকে ফিরছিলেন তিনি। এ সময় নৌযানটিতে সজিব, দয়ালসহ মোট তিনজন ছিলেন।
খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দয়াল ভূঁইয়া ও সজিব মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার আগেই দয়াল ও সজিবের মৃত্যু হয়েছিল।
ছেলের মৃত্যুর খবর পেয়ে দয়ালের বাবা রায়হান ভূঁইয়া ভেঙে পড়েন। তিনি জানান, ছেলেকে ইউরোপে পাঠানোর পরিকল্পনা ছিল তাঁদের। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্রের কাজও এগিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ঘটনায় সেই স্বপ্ন আর পূরণ হলো না।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।