গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং সংসদ সদস্যের বাড়িসহ একাধিক বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বুধবার সকালেও বিভিন্ন স্থানে আগুনের ধোঁয়া দেখা গেছে। বাতাসে ছড়িয়ে ছিল পোড়া গন্ধ।
থানার ভেতরে পুড়ে যাওয়া গাড়ি, আসবাবপত্র ও কম্পিউটারের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। অন্যদিকে, সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষের সময় থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
যেভাবে সংঘর্ষের সূত্রপাত
মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা পরিষদ চত্বরের আশপাশে অভিযান চালায়। এ সময় একটি দোকানে ক্যারম খেলছিলেন কয়েকজন শিক্ষার্থী। পুলিশ তাঁদের আটক করে এবং কয়েকটি মোটরসাইকেল নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা পুলিশের কাছে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তাতে সাড়া মেলেনি। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেট এলাকায় তল্লাশি চালায় পুলিশ।
শিক্ষার্থীদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয়। টুঙ্গিপাড়া-পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, আটক নেতাকর্মীদের ছেড়ে দেওয়া হলে বিক্ষোভ করা হবে না।
এর মধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল এবং পরে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
থানায় হামলা ও অগ্নিসংযোগ
সন্ধ্যা ৭টার দিকে বিক্ষোভকারীদের একটি দল মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানার দিকে যায়। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে থানার সামনে এক দফা ঘোষণা দিয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়। পরে কয়েক হাজার মানুষ পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। একপর্যায়ে থানায় হামলা ও ভাঙচুর চালানো হয়। পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।
থানা চত্বরে পুলিশের ছয়টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ভবনের ভেতরে আসবাবপত্র, কম্পিউটার ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়।
খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। তবে পথে নীলফা বাজার এলাকায় তাঁদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় বিজিবির একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ও একটি জিপসহ চারটি গাড়িতে আগুন দেওয়া হয়।
সংসদ সদস্যের বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের পর রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ব্যক্তিরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেন। একই সময়ে তাঁর আত্মীয়স্বজনের আরও আটটি বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
এদিকে, রাত পৌনে ৯টার দিকে খালেক বাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি। হামলায় তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় দৈনিক কালবেলার টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসানসহ আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
সব মিলিয়ে থানা, বিজিবির গাড়িবহর ও অন্যান্য স্থানে মোট ১০টি গাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
সকালে থানার ভেতরে ধ্বংসস্তূপ
বুধবার সকালে টুঙ্গিপাড়া থানায় গিয়ে দেখা যায়, ভবনের ভেতরে পুড়ে যাওয়া গাড়ি, আসবাবপত্র, কম্পিউটার ও বিভিন্ন সরঞ্জামের ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। থানার ফটক দিয়ে প্রবেশের পর বাঁ পাশে একটি পোড়া পুলিশের গাড়ি দেখা যায়। গাড়িটির ক্ষতিগ্রস্ত অংশ থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল। পাশে পড়ে ছিল আরেকটি ভ্যানের সামনের অংশ। ভবনের পাশেও গাড়ির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। গ্যারেজে রাখা দুটি গাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
থানার ভেতরে আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে নষ্ট হয়েছে। মেঝেতে ছড়িয়ে রয়েছে ছাই ও পলেস্তারা। ডিউটি অফিসারের কক্ষে টেবিলের ওপর কাচের টুকরা এবং পাশে ভাঙা ডেস্কটপ কম্পিউটার পড়ে থাকতে দেখা যায়। হাজতখানার দুটি কক্ষের তালা ভাঙা ও দরজা খোলা ছিল। ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষের পাশের উপপরিদর্শকদের কক্ষেও ভাঙচুরের চিহ্ন রয়েছে।
নীলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-পাটগাতী সড়কের ওপর বিজিবির পুড়ে যাওয়া তিনটি গাড়ির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিল গাড়ির পোড়া অংশ।
গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ
সংঘর্ষের পর গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। বুধবার সকালে গোপালগঞ্জ সদর থেকে টুঙ্গিপাড়ার পথে ঘোনাপাড়া মোড় পার হওয়ার পর সড়কের ওপর আড়াআড়িভাবে গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য এলাকার সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কিমাডাঙ্গা মোড়ে প্রায় ৫০০ মিটার সড়কজুড়ে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। ফলে ওই পথে যানবাহন চলাচল করতে পারছে না।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মঙ্গলবার টুঙ্গিপাড়ায় ঘটে যাওয়া ঘটনা তাঁদের কাছে যুদ্ধের পরিস্থিতির মতো মনে হয়েছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে এ ধরনের হামলার ঘটনা আগে দেখেননি বলেও তাঁরা জানান। সংঘর্ষের পর পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
থানায় হামলা, অগ্নিসংযোগ এবং সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জেলার গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্র