শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘দুপুরে ফেল, সন্ধ্যায় পাস!’ ইকুরিয়া বিআরটিএতে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ পরিদর্শক মনিষ কুমারের বিরুদ্ধে

>> রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

>> সিলেটের বিতর্কিত মোটরযান পরিদর্শক দেলোয়ার এখন কুমিল্লায়, দালালচক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ

>> জাল স্বাক্ষরে গাড়ির মালিকানা পরিবর্তনের অভিযোগ, বিআরটিএর বিরুদ্ধে দুদকে আবেদন

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

আপনি পড়ছেন : শরীয়তপুর

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৬


Rabeya ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:০০



শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৬


শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের পৃথক মিছিলের খবর পাওয়া গেছে। এর মধ্যে যুবলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার বিকেলে সদর উপজেলার তুলাশার ইউনিয়নের একটি এলাকায় যুবলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল করেন। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শরীয়তপুর সরকারি কলেজের সাবেক জিএস ইকবাল হোসেন ওরফে রতন। মিছিল শেষে তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এ ঘটনার কয়েকটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মিছিলের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ছয়জনকে আটক করা হয়। তাঁরা হলেন ফারুক মাতবর, ওমর ফারুক, রাকিবুল সরদার, আসিফ সরদার, বিল্লাল সরদার ও সুজন দেওয়ান। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা যুবলীগের কর্মী।

এদিকে আজ রোববার সকালে ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা আরেকটি মিছিল করেন। মিছিলে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকাও দেখা যায়।

ছাত্রলীগের মিছিলের নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর। জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান সামনে থেকে স্লোগান দেন এবং অন্য নেতা-কর্মীরা তাঁর সঙ্গে স্লোগানে অংশ নেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, শনিবারের ঘটনায় আটক ছয়জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, রোববারের ছাত্রলীগের মিছিলের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সংগ্রহ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। শনাক্ত হওয়ার পর তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।