শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘দুপুরে ফেল, সন্ধ্যায় পাস!’ ইকুরিয়া বিআরটিএতে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ পরিদর্শক মনিষ কুমারের বিরুদ্ধে

>> রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

>> সিলেটের বিতর্কিত মোটরযান পরিদর্শক দেলোয়ার এখন কুমিল্লায়, দালালচক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ

>> জাল স্বাক্ষরে গাড়ির মালিকানা পরিবর্তনের অভিযোগ, বিআরটিএর বিরুদ্ধে দুদকে আবেদন

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

আপনি পড়ছেন : খেলা

বজ্রপাত, দুই পেনাল্টি আর মার্টিনোর মুখোমুখি মেসির ম্যাচ


Rabeya ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩১



বজ্রপাত, দুই পেনাল্টি আর মার্টিনোর মুখোমুখি মেসির ম্যাচ


আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে প্রথম ম্যাচেই আলোচনার কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। তার ওপর প্রতিপক্ষের ডাগআউটে ছিলেন মেসির পরিচিত মুখ জেরার্ড ‘তাতা’ মার্টিনো। সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনা কোচ হিসেবে মেসির সঙ্গে কাজ করা মার্টিনো এখন আটলান্টা ইউনাইটেডের দায়িত্বে।

তবে ম্যাচ শুরুর আগেই আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়। ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে নির্ধারিত সময়ের পর এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করে শুরু হয় ইন্টার মায়ামি ও আটলান্টা ইউনাইটেডের ম্যাচ। শেষ পর্যন্ত চার গোলের রোমাঞ্চকর লড়াই ২-২ সমতায় শেষ হয়।

ম্যাচের ৩২ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করে মায়ামিকে এগিয়ে দেন কাসেমিরো। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পর মিগুয়েল আলমিরনের গোলে সমতায় ফেরে আটলান্টা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে যায় মায়ামি। মেসির তৈরি করা আক্রমণ থেকে বল পেয়ে লুইস সুয়ারেজ জালে পাঠান। ফলে বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিক দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নেয় আটলান্টা। ৭৮ মিনিটের দিকে পেনাল্টি পায় তারা। স্পটকিক নিতে এগিয়ে আসেন আলমিরন। তবে মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার দুর্দান্তভাবে সেই শট ঠেকিয়ে দেন।

এরপরও মায়ামির ওপর চাপ অব্যাহত রাখে আটলান্টা। ৮৭ মিনিটে আবার পেনাল্টি পায় সফরকারীরা। এবার আর সুযোগ নষ্ট করেননি ব্রিল এমবোলো। স্পটকিক থেকে গোল করে দলকে ২-২ সমতায় ফেরান তিনি। আটলান্টার হয়ে এটি ছিল এমবোলোর অভিষেক ম্যাচ।

শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। মেসিও গোলের সুযোগ তৈরি করেন। তাঁর নেওয়া শট গোলরক্ষক প্রতিহত করলে ফিরতি বলেও চেষ্টা করেন আর্জেন্টাইন তারকা, কিন্তু জটলার মধ্যে বল জালে জড়াতে পারেননি।

ম্যাচ শেষ হওয়ার পরও উত্তেজনা কমেনি। দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। মেসি ও তাঁর মায়ামি সতীর্থ রদ্রিগো দি পলও সেই পরিস্থিতির মধ্যে ছিলেন। শেষ পর্যন্ত অবশ্য বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গোল না পেলেও মেসির পারফরম্যান্স ছিল গুরুত্বপূর্ণ। কাসেমিরোর গোলের পাশাপাশি সুয়ারেজের গোলেও তাঁর অবদান ছিল। ফলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর ক্লাবের জার্সিতে ফেরার ম্যাচে দুটি অ্যাসিস্ট নিয়ে মাঠ ছাড়েন তিনি।

এই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। অন্যদিকে আটলান্টা ইউনাইটেড রয়েছে পয়েন্ট তালিকার নিচের দিকে।