ইরানের পারমাণবিক উপাদান শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে, নাকি অন্য কোনো উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হচ্ছে—এ বিষয়ে নিশ্চিত হতে পারছে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। ইরানের অসহযোগিতার কারণে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
শুক্রবার (১৩ নভেম্বর) রয়টার্স, সিবিসি ও বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমের হাতে আসা ইরানবিষয়ক এক গোপন প্রতিবেদনে আইএইএ জানায়, প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় ইরানের ঘোষিত পারমাণবিক উপাদান শান্তিপূর্ণ কর্মকাণ্ডের বাইরে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব হচ্ছে না।
প্রতিবেদনে ইসফাহানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। গত বছর ইরান এ স্থাপনার বিষয়ে আইএইএকে অবহিত করলেও এখন পর্যন্ত সেখানে পরিদর্শনের অনুমতি দেয়নি তেহরান।
২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ধ্বংস হয় অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এসব স্থাপনায় আইএইএর পরিদর্শকদের প্রবেশ করতে দেয়নি ইরান। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সর্বশেষ যুদ্ধেও দেশটির পারমাণবিক স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়। এসব স্থাপনা পরিদর্শনের অনুমতি দিতে বারবার আহ্বান জানিয়েছে আইএইএ।
নতুন প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ইরানে দ্রুত যাচাই কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি। এ জন্য আইএইএর মহাপরিচালক ইরানকে কিছু কারিগরি ও পর্যায়ক্রমিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে পরিদর্শকেরা আবার দেশটিতে কাজ শুরু করতে পারেন।
আইএইএ স্বীকার করেছে, ইরানের পারমাণবিক স্থাপনা ও সংশ্লিষ্ট এলাকায় সামরিক হামলার কারণে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সংস্থাটির সঙ্গে সহযোগিতা না থাকায় পারমাণবিক অস্ত্র বিস্তার নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিবেদনে দ্রুত এ অচলাবস্থা নিরসনের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
গত সেপ্টেম্বরে পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত তথ্য সরবরাহের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ায় আইএইএর পরিচালনা পর্ষদ ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠায়। গত ২০ বছরের মধ্যে এ ধরনের পদক্ষেপ ছিল প্রথম।
আইএইএর হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম ছিল। এই মাত্রা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ বিশুদ্ধতার কাছাকাছি। একই সঙ্গে এটি ২০১৫ সালে ইরানের সঙ্গে করা চুক্তিতে নির্ধারিত ৩ দশমিক ৬৭ শতাংশ সীমার চেয়ে অনেক বেশি।
তবে ২০২৫ সালের জুনের পর থেকে ইরানের ওই পারমাণবিক মজুতের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। অন্যদিকে, আইএইএর প্রতিবেদনে বলা হয়েছে, এত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো শান্তিপূর্ণ ব্যবহার নেই।
আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি গত জুনে বলেছিলেন, ২০২৫ সালের জুনের আগের অবস্থানেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। এর একটি অংশ ইসফাহান জ্বালানি সমৃদ্ধকরণ স্থাপনার (আইএফইপি) আশপাশে থাকতে পারে বলেও ধারণা করা হয়।
২০২৫ সালের ১৩ জুন ওই স্থাপনা পরিদর্শনের পরিকল্পনা ছিল আইএইএর। কিন্তু সেদিনই ইরানে বোমা হামলা শুরু হওয়ায় পরিদর্শন আর সম্ভব হয়নি।
নতুন প্রতিবেদনে আইএইএ জানিয়েছে, স্থাপনাটির সঠিক অবস্থান, বর্তমান অবস্থা কিংবা সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না—এসব বিষয়ে সংস্থাটির কাছে নিশ্চিত তথ্য নেই। তথ্যের ঘাটতি ও পরিদর্শনের সুযোগ না থাকায় উদ্বেগ আরও বেড়েছে।
শুধু ইসফাহান নয়, ইরানের সব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার অবস্থা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে আইএইএ। একই সঙ্গে হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশের সুযোগ এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের সঠিক হিসাব দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।
গত সেপ্টেম্বরে আইএইএর পরিদর্শকেরা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করতে পেরেছিলেন। তবে দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় তাঁদের প্রবেশাধিকার নেই।
প্রতিবেদনে সাম্প্রতিক সময়ে আইএইএ ও ইরানের মধ্যে চিঠি বিনিময়ের বিষয়টিও তুলে ধরা হয়েছে। ইরান সংস্থাটিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে দেশটির বিরুদ্ধে, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে, ধারাবাহিক ও প্রকাশ্য সামরিক হামলার হুমকি দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে পরিদর্শন পুনরায় শুরুর বিষয়ে আলোচনা করা সম্ভব নয় বলে জানিয়েছে তেহরান।
ইরানের বক্তব্য অনুযায়ী, বর্তমান সংকটের কারণগুলো সমাধান এবং স্বাভাবিক নিরাপত্তা যাচাইয়ের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত এ অচলাবস্থা কাটবে না। তবে আইনি ও বাস্তব পরিস্থিতি অনুকূলে এলে নিরাপত্তা-সংক্রান্ত বাধ্যবাধকতা পুরোপুরি বাস্তবায়নে নিজেদের অঙ্গীকারের কথাও জানিয়েছে দেশটি।
এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণার সমালোচনা করেছে তেহরান। আইএইএকে পাঠানো এক চিঠিতে এ নিয়ে উদ্বেগ জানিয়ে সংস্থাটির কাছে গোপনীয় তথ্যের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির দাবি, পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত তথ্য যেন প্রকাশ বা অপব্যবহার না হয়।
বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে আইএইএ ইরানকে জানিয়েছে, সংস্থাটি সব গোপনীয় তথ্যের সুরক্ষা নিশ্চিত করবে। এর আগে যুক্তরাষ্ট্রের ২ কোটি ডলারের পুরস্কার ঘোষণার বিষয়টি আইএইএকে জানিয়েছিল তেহরান।
গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী এ পুরস্কার ঘোষণা করে। বুধবার এর প্রতিবাদ জানিয়ে ইরান আইএইএ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি ঘোষণাটির নিন্দা জানানোর আহ্বান জানায়।