রাঙামাটির কাপ্তাইয়ের সীতাপাহাড়সহ সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। বনাঞ্চলের নিরাপত্তা এবং পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এরপর পাহাড়ে প্রবেশের বিভিন্ন পয়েন্টে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। মঙ্গলবারও এ কার্যক্রম চলতে দেখা গেছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সীতাপাহাড়সহ দুর্গম বনাঞ্চলে ট্র্যাকিং করতে গিয়ে কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপাকে পড়েছেন। সংরক্ষিত বনাঞ্চলে অনুমতি ছাড়া প্রবেশের নিয়ম না থাকলেও অনেকে তা অমান্য করে পাহাড়ে প্রবেশ করছেন। এতে পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি বনাঞ্চলের জীববৈচিত্র্যও ঝুঁকির মধ্যে পড়ছে।
সীতাপাহাড় এলাকায় সাম্প্রতিক সময়ে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। চলতি মাসের ২০ তারিখ সেখানে বেড়াতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ শাহরিয়ার কর্ণফুলী নদীতে ডুবে মারা যান। এর আগে ২৯ আগস্ট সীতাপাহাড়ে ঘুরতে গিয়ে চারজন পর্যটক পথ হারান। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করেন।
কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিট অফিসার মোহাম্মদ মিঠু তালুকদার বলেন, বন বিভাগের অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় প্রবেশের কারণে সাম্প্রতিক সময়ে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে পর্যটকদের পথ হারানোর ঘটনাও ঘটছে। এ কারণে সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশ ও চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।