ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার কয়েকটি স্থানে পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকেরা দুটি স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে এক জায়গায় বুঝিয়ে এবং অন্য জায়গায় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে চলমান শ্রমিক বিক্ষোভের সময় কারখানা ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাভার ও আশুলিয়া থানায় ২৪টি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বুধবার সকালে সাভার ও আশুলিয়ার ১০টি কারখানা বন্ধ ছিল। দিনের জন্য ছুটি ঘোষণা করেছে সাতটি কারখানা। কাজ না হওয়ায় আরও ১৩টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া ১১টি কারখানায় বুধবার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানান তিনি।
সকালে সাভারের রেডিও কলোনি, উলাইল, ফুলবাড়িয়া ও হেমায়েতপুর এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার বিভিন্ন কারখানায় নির্ধারিত সময়ে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। সকাল ৯টার দিকে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের পাশে ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড কারখানার শ্রমিকদের বের হয়ে কারখানার পাশের সড়কে অবস্থান করতে দেখা যায়।
শ্রমিকেরা জানান, এর আগে একই এলাকার আলেয়া অ্যাপারেলস লিমিটেড কারখানা ছুটি ঘোষণা করে। সকাল সাড়ে ৮টার পর আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক নিজ নিজ গন্তব্যে চলে যান। তবে কিছু শ্রমিক ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড কারখানার পাশে আগে থেকে অবস্থান নেওয়া শ্রমিকদের সঙ্গে যোগ দেন। এ সময় পুলিশ তাঁদের সড়কের পাশ থেকে সরে যেতে বলে।
একপর্যায়ে কয়েকজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে নিজেদের দাবি ও আন্দোলনের যৌক্তিকতা নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। পরে পুলিশ হ্যান্ডমাইকে ঘোষণা দেয়, শান্তিপূর্ণভাবে সরে না গেলে বল প্রয়োগ করা হতে পারে। এরপর শ্রমিকেরা ধীরে ধীরে ওই স্থান ত্যাগ করেন। সেখানে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।
অন্যদিকে, সকাল সোয়া ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।
বেলা সোয়া ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, নরসিংহপুর এলাকায় সারমিন গ্রুপের কারখানার সামনে শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে পুলিশ ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়।
সাভার ও আশুলিয়ার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে সকাল ১০টার দিকে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, কয়েকটি স্থানে শ্রমিকেরা জড়ো হলে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত কোনো বল প্রয়োগ করা হয়নি।
তিনি আরও বলেন, শ্রমিকদের দাবিদাওয়া ও আন্দোলন শান্তিপূর্ণ থাকলে পুলিশ বল প্রয়োগ করবে না। তবে আন্দোলনের সুযোগ নিয়ে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।