রাজধানীর মিরপুরে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুরের ১৩ নম্বর এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কর্মরত। সকালে এসব কারখানার শ্রমিকেরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদেরও বাইরে বের করে আনা হয়।
এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষের পরও কারখানা এলাকায় কিছু সময় উত্তেজনা ছিল।
অন্যদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুল এলাকায় কিছুটা সমস্যা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন আছেন।