মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে বিএনপির তিন নেতাকর্মীর বাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামের তিনটি পৃথক স্থান থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোভীপুর গ্রামের খোকন, রুহুল আমিন ও আইব নবী রহমানের বাড়ির গেটের সামনে বস্তুগুলো পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এগুলোর গায়ে লাল টেপ পেঁচানো ছিল এবং সাদা কাগজে লেখা ছিল ‘জয় বাংলা’।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করা হয়। পুলিশ সেগুলো পানিভর্তি বালতিতে রাখে। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাড়ির মালিক তিন বিএনপি নেতাকর্মীর দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বস্তু রেখে যেতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, তিনটি বাড়ির সামনে থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রাতের আঁধারে এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এগুলো রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাতভর ককটেল আতঙ্কের পর সকালে একসঙ্গে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ধার হওয়া বস্তুগুলোর প্রকৃত ধরন এবং কারা এগুলো সেখানে রেখেছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।