মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার পর শুরু হওয়া সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটির নেতৃত্ব দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন।
মিছিলটি কালকিনি থানার দিকে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর কালকিনিতে এমন রাজনৈতিক সংঘাত এই প্রথম বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী শাওন বল। তিনি জানান, দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি উভয় পক্ষ হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের কারণ, হতাহতের প্রকৃত সংখ্যা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আহত ব্যক্তিদের নাম-পরিচয় ও তাঁদের আঘাতের ধরন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।