বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন জব্দের দাবি ইরানের

>> জমিতে ছিটানো কীটনাশকের বিষক্রিয়ায় অসুস্থ হয়েছিল শিক্ষার্থীরা

>> ফেরেশতাদের সৃষ্টি কেন ও কীভাবে?

>> হাজতখানায় কেক কাটার অভিযোগ অস্বীকার জিয়াউল আহসানের আইনজীবীর, ‘মিডিয়া ট্রায়ালের’ অভিযোগ

>> মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

>> সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

>> প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, সীতাকুণ্ডে তিনজন গ্রেপ্তার; উদ্ধার হয়নি ব্যবহৃত অস্ত্র

>> সরকারি অফিসে যাতায়াত কমলেই দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

>> ১০ লাখ টাকা চাঁদা দাবি, চিকিৎসককে হত্যার হুমকি

>> জার্মান সরকারের সম্মাননা পেলেন বাংলাদেশের শাকিল সৈয়দ

আপনি পড়ছেন : কুড়িগ্রাম

কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভে সংঘর্ষ, অন্তত ২০ জন আহতের দাবি


Rabeya ৩১ জুলাই ২০২৬, সকাল ৮:৪২



কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভে সংঘর্ষ, অন্তত ২০ জন আহতের দাবি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির দাবি, হামলায় তাদের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়ী উপজেলা সদরে ঘটনাটি ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আহতদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রশক্তি, যুবশক্তি এবং এনসিপির একাধিক নেতা রয়েছেন।

জাতীয় ছাত্রশক্তির অভিযোগ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলাকালে বিপরীত দিক থেকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং তাদের সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মী হামলা চালান। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং বেশ কয়েকজন আহত হন।

ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস বলেন, হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপির একাধিক সদস্য আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিপুলসংখ্যক হামলাকারী অংশ নিয়ে নেতা-কর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে, স্থানীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল ভিন্ন বক্তব্য দিয়েছেন। তাঁর দাবি, ছাত্রশক্তির মিছিলে ছাত্রলীগের কিছু কর্মী উপস্থিত ছিলেন। তিনি বলেন, ছাত্রদলের এক কর্মী এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হওয়ার পর উভয় পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের সৃষ্টি হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে বিএনপির সহযোগী সংগঠনের সদস্যরা থাকলেও মূল বিএনপির কোনো নেতা উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম জানান, এনসিপির বিক্ষোভ চলাকালে আকস্মিকভাবে হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও খুব অল্প সময়ের মধ্যে হামলাকারীরা সরে যায়। তিনি বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।