বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> হেলমেট কিনছেন মান যাচাই করে? আমদানির সাড়ে ২৪ শতাংশ নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ

>> গুলশান থানার ওসি প্রত্যাহার

>> ট্রাম্প-সি বৈঠকের আগে বেইজিং যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

>> ১৪ ঘণ্টার বদলে ২৬ ঘণ্টা পর গ্যাস, চরম ভোগান্তিতে ২৩ হাজার গ্রাহক

>> দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

>> ঈশা আর ফিরবে না, মেয়ের ছবি বুকে নিয়ে কাঁদছেন মা

>> তিস্তার ভাঙনে উত্তরের পাঁচ জেলা বিপর্যস্ত, সাত দিনে বিলীন ৩৮৬ ঘরবাড়ি

>> নন্দীগ্রামে বিজেপির প্রার্থী নিহত শুভেন্দুর ব্যক্তিগত সহকারীর মা

>> সিটিজেনস ব্যাংকে চালু হলো ইসলামিক ব্যাংকিং সেবা

>> ভারতের বিপক্ষে টানা হারের রেকর্ড থেকে বাংলাদেশকে সরিয়ে দিল আফগানিস্তান

আপনি পড়ছেন : খেলা

বেসবল মাঠে ক্রিকেট! এশিয়ান গেমসের ভেন্যু নিয়ে বাড়ছে শঙ্কা


Rabeya ২৭ আগস্ট ২০২৬, সকাল ১১:১৮



বেসবল মাঠে ক্রিকেট! এশিয়ান গেমসের ভেন্যু নিয়ে বাড়ছে শঙ্কা


এশিয়ান গেমসে ক্রিকেট শুরু হতে আর বেশি সময় বাকি নেই। এরই মধ্যে টুর্নামেন্টের ভেন্যু, পিচ, ড্রেসিংরুম ও খেলোয়াড়দের আবাসন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এশিয়ার শীর্ষ ক্রিকেট দলগুলো মাঠে নামার আগেই এসব বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে।

জাপানের নাগোয়া শহরের পূর্বদিকে নিসশিন এলাকায় অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এবার ক্রিকেট আয়োজন করা হবে। কয়েক মাস আগেও জায়গাটি ছিল বেসবল মাঠ। গত মার্চে সেটিকে ক্রিকেটের উপযোগী করা হলেও ভেন্যুটি নিয়ে এখনো পুরোপুরি সন্তুষ্ট নয় অংশগ্রহণকারী দলগুলো।

জানা গেছে, এখানে হাইব্রিড পিচে ম্যাচ হবে। পিচে মূলত প্রাকৃতিক ঘাসের সঙ্গে সামান্য পলিথিন ফাইবার ব্যবহার করা হয়েছে। নতুন এই পিচে এর আগে শুধু গত মে মাসে ক্রিকেট খেলা হয়েছে। ফলে ম্যাচের সময় উইকেট কেমন আচরণ করবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এশিয়ান গেমসের অপারেশনস ম্যানেজার অ্যাডাম বির্স এর আগে জানিয়েছিলেন, পিচে ভালো বাউন্স পাওয়া যেতে পারে। তবে সেপ্টেম্বরে জাপানে টাইফুন মৌসুম শুরু হওয়ায় আবহাওয়ার প্রভাবও মাঠে পড়তে পারে।

শুধু পিচ নয়, ড্রেসিংরুম নিয়েও প্রশ্ন উঠেছে। মাঠটির দর্শক ধারণক্ষমতা প্রায় দুই হাজার। পুরোনো বেসবল মাঠের কিছু কাঠামো এখনো রয়েছে, এমনকি পিচারের মাউন্ডও পুরোপুরি সরানো হয়নি বলে জানা গেছে।

ভেন্যু নিয়ে উদ্বেগের বিষয়টি প্রথমে তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক সভায় বিষয়টি আলোচনায় আসে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে ভেন্যু ও খেলোয়াড়দের আবাসন পরিস্থিতি দেখতে এসিসির পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এদিকে খেলোয়াড়দের থাকার ব্যবস্থাও নতুন করে আলোচনায় এসেছে। এবারের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রচলিত অ্যাথলেটস ভিলেজ থাকছে না। অংশগ্রহণকারীদের বিভিন্ন হোটেল, গেমস ভিলা ও একটি ক্রুজে রাখা হবে। ক্রিকেটারসহ কয়েকটি দলের খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়েছে নাগোয়ার বিভিন্ন হোটেলে।

কিন্তু কিছু হোটেলকক্ষের আকার ছোট হওয়ায় খেলোয়াড়দের কিটব্যাগ ও লাগেজ রাখার জায়গা নিয়েও সমস্যা দেখা দিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর। আর ছেলেদের ক্রিকেটের সূচি ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। ছেলেদের নকআউট পর্বে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি খেলবে। প্রথম রাউন্ডে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্যে লড়াই হবে।

মেয়েদের কোয়ার্টার ফাইনালে ভারত খেলবে জাপানের বিপক্ষে, বাংলাদেশ মুখোমুখি হবে চীনের, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড।