বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাভার-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, বাতাসে পোড়া গন্ধ

>> সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল ভবন

>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

>> গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মহাসড়কে যান চলাচল বন্ধ

>> মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পূর্ব লন্ডনে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ রাজনীতিকদের

>> আ.লীগের বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক

>> গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাকশ্রমিকরা

>> গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

আপনি পড়ছেন : বরগুনা

ডাব চুরির সময় ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে আহত, সারা রাত পড়ে রইলেন নিচে


Rabeya ২৯ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫২



ডাব চুরির সময় ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে আহত, সারা রাত পড়ে রইলেন নিচে


বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন দবির হোসেন নামের এক ব্যক্তি। আহত অবস্থায় সারা রাত গাছের নিচে পড়ে থাকার পর ভোরে প্রাণ বাঁচাতে তিনি ডাক দেন সেই বাড়ির মালিককেই। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বরগুনা পৌরসভার খাড়াকান্দা এলাকায় বেলাল মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে পুলিশ দবির হোসেনকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আশফাকুর রহমান জানান, দবিরের মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে বেলাল মিয়ার বাড়ির গাছ থেকে ডাব চুরির উদ্দেশ্যে গাছে ওঠেন দবির। তিনি করাত দিয়ে কয়েকটি ডাব কেটে মাটিতে ফেলেন। এ সময় গাছে থাকা একটি ভিমরুলের বাসায় নাড়া লাগে। ভিমরুলের আক্রমণে তিনি একপর্যায়ে গাছ থেকে নিচে পড়ে যান।

পড়ে গিয়ে কোমর ও হাতে গুরুতর আঘাত পান দবির। আহত অবস্থায় উঠে দাঁড়াতে না পারায় সারা রাত গাছের নিচেই পড়ে ছিলেন তিনি। ভোর হলে প্রাণ বাঁচাতে বাড়ির মালিককে ডাকাডাকি শুরু করেন।

বাড়ির মালিক বেলাল মিয়া বলেন, সকালে ঘুম থেকে উঠে ওই ব্যক্তির ডাক শুনতে পান। পরে বাইরে এসে দেখেন, ডাবসহ একজন ব্যক্তি গাছের নিচে পড়ে আছেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাঁর অবস্থা গুরুতর। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।