কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর বক্তব্য দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের নেতারা। তাঁরা বলেছেন, আওয়ামী লীগের কেউ রাজপথে নামতে চাইলে আগে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে। একই সঙ্গে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ তুলে পাল্টা আগুন দেওয়ার হুমকিও দিয়েছেন যুবদলের কয়েকজন নেতা।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব বক্তব্য দেওয়া হয়। আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির’ প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের সহনশীলতাকে দুর্বলতা হিসেবে দেখছেন। দলটির নেতা-কর্মীরা মাঠে নামলে যুবদলের পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া আসবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তাঁর ভাষ্য, একটি হাত উঠলে তার জবাবে আরও ১০টি হাত উঠবে।
তিনি আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন মন্দির ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর পাহারা দিয়েছেন। তবে তাঁরা কোথাও অগ্নিসংযোগ করেননি।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ অতীতের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাইবে বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু দলটির মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের রাজনীতির মাধ্যমে মানুষের শান্তি বিঘ্নিত করা হচ্ছে। শেখ হাসিনার শাসনামলে ১ হাজার ৪০০ মানুষ হত্যার বিচার বাংলাদেশে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। তিনি বলেন, আওয়ামী লীগের কেউ একটি বাড়িতে আগুন দিলে তাঁদের ১০০টি বাড়িতে আগুন দিতে হবে। এ সময় শ্বশুরবাড়িসহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের হুমকিও দেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে এনামুল হক বলেন, তিনি কোন পথে দেশে ফিরবেন, তা জানাতে হবে। তাঁরা সেখানে উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে; অন্যথায় ঘরে ফেরার সম্ভাবনা কম।
সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। এতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবিরসহ কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন ও গুলিস্তান এলাকা ঘুরে মতিঝিলের বক চত্বরে গিয়ে শেষ হয়।