রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রাকায়েদ হোসেন রুকুর বিরুদ্ধে। ফোনালাপে ওসিকে উদ্দেশ করে তাঁকে বলতে শোনা যায়, ‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।’ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে ওসি আতিকুর রহমানের সঙ্গে রুকুর কথোপকথন শোনা যায়। ফোনের শুরুতে রুকু ওসির খোঁজখবর নেন। জবাবে ওসি জানান, তিনি ভালো আছেন এবং গত ৪ নভেম্বর মোহনপুর থানায় যোগ দিয়েছেন। এ সময় নিজের পরিচয়ও দেন তিনি।
এরপর রুকু নিজেকে স্থানীয় এলাকার বাসিন্দা পরিচয় দিয়ে ওসিকে একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অতিথি হিসেবে ওসি মোহনপুরে দায়িত্ব পালন করতে এসেছেন এবং তাঁকে অতিথির সম্মান দিতে চান।
কথোপকথনের একপর্যায়ে রুকু দাবি করেন, মোহনপুরে ছাত্রলীগের মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময় সংগঠনের নেতাকর্মীদের হয়রানি না করার জন্য ওসির প্রতি অনুরোধ জানান তিনি।
জবাবে ওসি বলেন, কাউকে হয়রানি করা হচ্ছে না। মোহনপুর ছোট এলাকা উল্লেখ করে তিনি আরও বলেন, এসব করে কোনো লাভ হবে না।
ফোনালাপে রুকু পুলিশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময় পুলিশ যতটা নিরাপদে ছিল, বর্তমান সরকারের আমলে ততটা নিরাপত্তা পাচ্ছে কি না, তা ওসিকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। পাশাপাশি দেশকে বর্তমান পরিস্থিতি থেকে মুক্ত করার কথাও বলেন তিনি।
কথোপকথনের শেষ দিকে রুকু বলেন, ‘আপনাদের পুলিশ হত্যার বিচার আমরা চাই।’ এরপর সহযোগিতা চাওয়ার পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে অযথা হয়রানি করা হলে ডিসেম্বরের পরও ওসিকে চাকরি করতে হবে। এমনকি তাঁকে আবারও মোহনপুর থানায় নিয়ে আসার কথাও বলেন রুকু।
এ বিষয়ে বক্তব্য জানতে মোহনপুর থানার ওসি আতিকুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। বিভিন্ন স্থানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফোন করেও হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সুপার ছুটিতে থাকায় তিনি ফিরে এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।