ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দলের দুই প্রার্থীর নাম প্রকাশ্যে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ মাঠে জামায়াতের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ সেলিম উদ্দিন ও মো. আবু সাদিককে (সাদিক কায়েম) মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি।
মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির। অন্যদিকে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি)।
অনুষ্ঠানে সেলিম উদ্দিনকে ঢাকা উত্তরের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে শফিকুর রহমান তাঁর সাম্প্রতিক খাল ও আবর্জনা পরিষ্কারসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
ঢাকা দক্ষিণের প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করে জামায়াত আমির বলেন, ডাকসু যেভাবে সাজানো হয়েছে, একইভাবে সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকেও সুন্দরভাবে গড়ে তুলবেন বলে তিনি আশা করেন।
শফিকুর রহমান আরও বলেন, সরকারের দায়িত্ব হলো জনগণকে নিরাপদে রাখা এবং তাদের শান্তিতে ঘুমানোর পরিবেশ নিশ্চিত করা। সরকারকে জনগণের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর মিরপুরের মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে জামায়াতের পক্ষ থেকে অনুদান দেওয়ার উদ্যোগের কথাও জানান শফিকুর রহমান। তাঁর দাবি, অনুদানের অর্থ দেওয়ার জন্য কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় রয়েছে দলটি।
তিনি অভিযোগ করেন, রাড্ডা সেন্টারে হামলা, ভাঙচুর ও সম্পদ লুটের ঘটনায় জনপ্রতিনিধিদের একটি অংশ পরোক্ষভাবে নেতৃত্ব দিয়েছে। এ ঘটনায় একজন সংসদ সদস্যকে পদত্যাগ করানো হলেও তাঁকে এখনো দল থেকে বহিষ্কার বা গ্রেপ্তার করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
ডেঙ্গুর পাশাপাশি দেশে হাম পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তাঁর দাবি, অতীতে হামে অনেক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমান সরকার আগের সরকারগুলোর ওপর দায় চাপালেও গত সাত মাসে পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে প্রশ্ন তোলেন তিনি।
এ ছাড়া বিমানবন্দরে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারেরও সমালোচনা করেন শফিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান (মিলন), ঢাকা উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।