যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কয়েকজন রাজনীতিক। এ ঘটনাকে কেন্দ্র করে অভিবাসনবিরোধী রাজনীতিকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। হামলায় জড়িত বাংলাদেশি নাগরিকদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবিও তুলেছেন তাঁদের কেউ কেউ।
প্রতিক্রিয়া জানানো রাজনীতিকদের মধ্যে রয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য ও রিস্টোর ব্রিটেনের নেতা রুপার্ট লো এবং রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের ভিডিও শেয়ার করে যুক্তরাজ্যে বিদেশি নাগরিকদের সহিংসতার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
স্থানীয় সময় গত সোমবার রাতে পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আবাসিক এলাকার সড়কে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের দৃশ্য দেখা যায়।
নাহিদ ইসলাম এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
হামলার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে রুপার্ট লো দাবি করেন, রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন। এনসিপি ও আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এই বিরোধের সঙ্গে ব্রিটিশদের কোনো সংশ্লিষ্টতা নেই।
রুপার্ট লো আরও বলেন, তাঁর দল রিস্টোর ব্রিটেন সরকার গঠন করতে পারলে সহিংসতায় জড়িত ব্যক্তিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে। তাঁর পোস্টে বাংলাদেশি নাগরিকদের নিয়ে নেতিবাচক মন্তব্যও উঠে আসে।
একই ঘটনায় প্রতিক্রিয়া জানান রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে তিনি বলেন, পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশের দুটি রাজনৈতিক পক্ষ এমন বিরোধে জড়িয়েছে, যার সঙ্গে ব্রিটিশদের কোনো সম্পর্ক নেই।
ফারাজের অভিযোগ, ব্রিটিশ সমাজে বিদেশি সংস্কৃতির প্রভাবের কারণে এখন বিদেশিদের পারস্পরিক সংঘাতও দেশটির রাস্তায় দেখা যাচ্ছে। তিনি বলেন, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে—এমন বিদেশি নাগরিকদের বহিষ্কার করবে রিফর্ম ইউকে।
এদিকে, ঘটনাস্থল চ্যাডওয়েল হিথ ইলফোর্ড সাউথ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। ওই আসনের সংসদ সদস্য জাস আথওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংঘর্ষের ভিডিও শেয়ার করে ঘটনাটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তিনি ঘটনার জোরালো তদন্ত, এলাকায় পুলিশের টহল বাড়ানো এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রমফোর্ডের সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেলও। তবে স্থানীয় সংবাদমাধ্যম দ্য হ্যাভারিং ডেইলিকে তিনি বলেন, ঘটনাটি তাঁর নির্বাচনি এলাকায় ঘটেনি। এটি চ্যাডওয়েল হিথ এলাকায়, যা ইলফোর্ড সাউথ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।
এ ছাড়া ব্রিটিশ সংসদ সদস্য কেটি ল্যামও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংঘর্ষের ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীগুলোর এমন সংঘর্ষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় যুক্তরাজ্যে অভিবাসন ও জননিরাপত্তা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে অভিবাসনবিরোধী রাজনীতিকদের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের বহিষ্কারের দাবি ওঠায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় এসেছে।