সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

>> শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

>> আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

>> গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

>> বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

>> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

>> ১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

>> নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে সম্মেলন শুরু


বাসস ২৪ আগস্ট ২০২৫, বিকাল ৫:৩০
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে সম্মেলন শুরু
ছবি:সংগৃহীত

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সুস্পষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে রবিবার কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এ সম্মেলন মঙ্গলবার পর্যন্ত চলবে।

উখিয়ার ইনানীতে হোটেল বে-ওয়াচ মিলনায়তনে ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক স্টেকহোল্ডারস ডায়ালগ নামে তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টেকহোল্ডারদের নিয়ে এই ডায়ালগের আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার প্রধান অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এই আলাপ হবে রোহিঙ্গা সংকটের ওপর উচ্চ পর্যায়ের সম্মেলনের প্রস্তুতিমূলক আয়োজন। আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ওই উচ্চ পর্যায়ের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক (অ্যাড-ইনচার্জ) রানা ফ্লাওয়ার্স, মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত মেকানিজমের প্রধান নিকোলাস কুমজিয়ান, মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষ দূত টমাস এইচ. অ্যান্ড্রুজ এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সহকারী হাইকমিশনার রাউফ মাজু সংলাপে উপস্থিত থাকবেন।


সম্মেলনটি পাঁচটি থিম্যাটিক অধিবেশনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে-মানবিক সহায়তা ও তহবিল সংকট, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উদ্যোগ, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং টেকসই ও সময়োপযোগী সমাধানের দীর্ঘমেয়াদি কৌশল।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ সম্মেলনে রোহিঙ্গা পুরুষ, নারী ও যুবকদের কণ্ঠস্বর বিশেষভাবে তুলে ধরা হবে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সরাসরি তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও অভিযোগ শুনতে পারে।


মঙ্গলবার অংশগ্রহণকারীরা সরেজমিনে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন, যাতে শরণার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া যায়।

৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের সম্মেলনে প্রায় ১৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। সেখানে রোহিঙ্গাসহ মিয়ানমারের অন্যান্য নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হবে।


প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের গণহারে বাংলাদেশে আশ্রয়ের আট বছর পূর্তির সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, যখন আন্তর্জাতিক সহায়তা ক্রমশ কমছে এবং মিয়ানমারে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করছে— অব্যাহত বিদেশি সহায়তা নিশ্চিত করা, বৈশ্বিক অঙ্গনে রোহিঙ্গা সংকটকে দৃশ্যমান রাখা এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম করা।